গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করছে মিয়ানমার: সু চি

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি বলেছেন, তাঁর দেশ অর্ধ শতাব্দীর সামরিক শাসন থেকে বের হয়ে পূর্ণ গণতন্ত্রে পৌঁছানোর জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সামনে অনেক চ্যালেঞ্জ থাকলেও তা সম্ভব হবে বলে তিনি মনে করেন। গতকাল ভারতের রাজধানী দিল্লিতে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার পর সু চি সাংবাদিকদের এ কথা বলেন।
মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সু চি সাংবাদিকদের বলেন, তাঁরা সেখানকার সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সু চি বিরোধী দলে থাকার সময় ভারত তাঁকে সমর্থন দিয়েছিল। এখনো মিয়ানমারের সঙ্গে ‘কাঁধে কাঁধ রেখে’ চলবে ভারত।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, রাখাইনে সামরিক বাহিনীর চালানো অভিযানে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। ওই অঞ্চলে বহু সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমের বাস। এর আগে সেখানকার বাংলাদেশ সীমান্তবর্তী একটি চৌকিতে চালানো হামলায় ৯ জন পুলিশ সদস্যসহ মোট ১৪ জন নিহত হয়েছিল। দেশটির সরকার ওই হামলার জন্য বিদেশি ইসলামি গোষ্ঠীকে দায়ী করেছে।
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে নিজের প্রথম সাক্ষাতের পর গতকাল সাংবাদিকদের সু চি বলেন, ‘জাতি হিসেবে গণতান্ত্রিক সংস্কৃতির পথে আসার জন্য আমরা সংগ্রাম করছি। আমাদের অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে সেগুলো অতিক্রম করতে পারব। কারণ আমাদের জনগণও এ ব্যাপারে দৃঢ়সংকল্প।’
সু চি বলেছেন, তাঁর দেশ অশান্তি ও অস্থিরতার কারণে অনেক ভুগেছে। এখন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে প্রতিবেশী ভারতের কাছে সাহায্য চাইছে।
সু চি গত বছর একটি ঐতিহাসিক নির্বাচনে জয় পান। বর্তমানে তাঁর প্রশাসন সামরিক শাসিত একটি জাতিকে পুরোপুরি গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার ক্ষেত্রে কঠিন সংগ্রাম করছে।
কয়েক যুগ আটক থাকার পর সু চি এখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তাঁর ভূমিকা অনেকটা প্রধানমন্ত্রীর মতো। কিন্তু এখনো মিয়ানমারে জাতিগত ও ধর্মীয় সহিংসতা চলছে। এমনকি সু চির সমর্থকদের অনেকে রোহিঙ্গাদের বৈধ নাগরিক হিসেবে মেনে নিতে অস্বীকার করেছেন। এ নিয়ে হতাশাও জানিয়েছিলেন সু চি।