গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া 'স্থবির' হয়ে যাচ্ছে: সু চি
মিয়ানমারের গণ–তন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি গতকাল বুধবার বলেছেন, দেশটিতে গণতন্ত্রের পথে উত্তরণের প্রক্রিয়া ‘স্থবির’ হয়ে যাচ্ছে। মিয়ানমারে গণতন্ত্রায়ণের ব্যাপারে বেশি আশাবাদী না হতে যুক্তরাষ্ট্রকে সতর্কও করেন তিনি। এএফপি।
সু চি এমন সময় এই মন্তব্য করলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মিয়ানমার সফরের সপ্তাহ খানেক বাকি। আঞ্চলিক একটি সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে মিয়ানমার যাচ্ছেন ওবামা।
ইয়াঙ্গুনে নিজের দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কার্যালয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সু চি। তিনি বলেন, মিয়ানমারে গণতন্ত্রায়ণের প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র সরকারকে খুব আশাবাদী বলে মনে হচ্ছে। কিন্তু এ দেশে গত বছরের শুরুর দিক থেকে সংস্কারপ্রক্রিয়া ‘স্থবির’ হতে শুরু করেছে।
সু চি বলেন, মিয়ানমার সরকার তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পথ বন্ধ করে দিয়েছে এই কারণে নয় বরং একজন নাগরিকের প্রেসিডেন্ট হওয়ার পথ বন্ধ করে রাখা হয়েছে—এ কারণে স্থবিরতার কথা বলছেন। তিনি বলেন, কেউই নিজের ইচ্ছামতো একটি দেশের সংবিধান লিখতে পারেন না।