গণতন্ত্রের পথ খুলে দেওয়ায় জান্তাকে ধন্যবাদ সু চির
মিয়ানমারে গণতন্ত্রের পথ খুলে দেওয়ায় বিদায়ী জান্তা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি, দেশ ও গণতন্ত্রের স্বার্থে আমরা একে অপরকে সহযোগিতা করতে পারব। পার্লামেন্টে হোক বা বাইরে হোক।’
গত নভেম্বরের নির্বাচনে ঐতিহাসিক বিজয় পায় সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। প্রায় ৫০ বছর পর আগামী সোমবার প্রথম নির্বাচিত সরকার গঠন করতে যাচ্ছেন সু চি। এর আগে গতকাল শুক্রবার বিদায়ী পার্লামেন্টের আইনপ্রণেতাদের উদ্দেশে ভাষণ দেন তিনি। খবর রয়টার্স ও এএফপির।
দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে এই উত্তরণ উদ্যাপনে গতকাল রাজধানী নেপিডোতে পার্লামেন্টে বিদায়ী ও নতুন নির্বাচিত আইনপ্রণেতারা এবং সামরিক বাহিনীর সদস্যরা ঐতিহ্যবাহী নাচে অংশ নেন। তাঁরা একসঙ্গে খাওয়াদাওয়া করেন ও ছবি তোলেন।
সু চি তাঁর ভাষণে সামরিক জান্তা মদদপুষ্ট পার্লামেন্টের প্রশংসা করেন। তিনি গণতন্ত্রের ‘পথ খুলে দেওয়া’ ও এর মাধ্যমে তাঁর দলের বিপুল বিজয়ের জন্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ধন্যবাদ দেন। সামরিক বাহিনী পরিবর্তনকে সাধুবাদ জানান।
বিদায়ী স্পিকার শ মান পার্লামেন্টে ইংরেজিতে গেয়ে ওঠেন, ‘স্বপ্নগুলো সত্যি হচ্ছে।’ মাইন্ট মাইন্ট সুই নামের এক এনএলডি আইনপ্রণেতা বলেন, ‘আমি এই আয়োজনে শামিল হতে পেরে আনন্দিত। আমি নারী অধিকার প্রতিষ্ঠায় মনোযোগী হব।’
নতুন পার্লামেন্ট সদস্যরা আগামী সপ্তাহে স্পিকার নির্বাচন করবেন। এরপর প্রেসিডেন্ট নির্বাচনের কাজ শুরু হবে। নির্বাচনে জয়ী হলেও সু চি প্রেসিডেন্ট হতে পারবেন না। সামরিক জান্তা সরকার এমন আইন করেছে। এ ছাড়া তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং পার্লামেন্টে এক-চতুর্থাংশ আসনে নিয়ন্ত্রণ থাকবে সামরিক বাহিনীর। ফলে সু চির দলকে অনেকটা সমঝোতা করেই এগোতে হবে। সু চি বলেছেন, তিনি প্রেসিডেন্টের চেয়েও উচ্চপদে থেকে দেশ পরিচালনা করবেন। এনএলডি নেতারা সেনাবাহিনীকে আশ্বস্ত করেছেন, তাঁরা অতীতকে ভুলে যাবেন।