গণভোটে হারলেও পদত্যাগ করবেন না থাই প্রধানমন্ত্রী

আগস্টের গণভোটে থাইল্যান্ডের জনগণ সেনাবাহিনী রচিত সংবিধান প্রত্যাখ্যান করলেও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। ব্যাংককের গভর্নমেন্ট হাউসে গতকাল সোমবার তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ক্ষমতাসীন জান্তার প্রধান সাবেক সেনাপ্রধান প্রায়ুথ চান-ওচা বলেন, ‘আমি পদত্যাগ করব না। আমিই একমাত্র ব্যক্তি, যে এই দেশে আইন প্রণয়ন করবে।’ এ সময় তিনি বলেন, থাই জনগণের উচিত হবে না ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে তাঁকে তুলনা করা।
গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে যুক্তরাজ্যবাসী রায় দেওয়ার পর গত সপ্তাহে নিজের পদত্যাগের ঘোষণা দেন ক্যামেরন।
এ সময় প্রায়ুথ চান-ওচা বলেন, ২০১৭ সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আগে তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার চালাবেন।
২০১৪ সালের মে মাসে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকারকে উৎখাত করে সামরিক শাসন জারি করেন প্রায়ুথ। আগামী ৭ আগস্ট দেশটিতে গণভোট অনুষ্ঠিত হতে চলেছে। এই ভোটে জনগণের সামনে প্রশ্ন রাখা হবে, তারা সেনাবাহিনী রচিত সংবিধান গ্রহণ করবে কি না।