গণহত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধবিধ্বস্ত গাজায় আজ মঙ্গলবারও অন্তত ৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এদিকে ফিলিস্তিনে চালানো এ গণহত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান।

গাজায় দীর্ঘমেয়াদি সেনা হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, সুড়ঙ্গ থেকে হামাসের পরিচালিত নেটওয়ার্ক নিশ্চিহ্ন না করা পর্যন্ত ইসরায়েল এ হামলা চালিয়ে যাবে।
এএফপি ও বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দুই দিন বিমান হামলা বন্ধ রাখার পর গতকাল রাতভর ইসরায়েল বিমান হামলায় চালায়। আর এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ফিলিস্তিনের প্রধান বিদ্যুেকন্দ্র ও হামাসের সাবেক প্রধানমন্ত্রীর বাড়িও ছিল। হামাস জানায়, তাদের টেলিভিশন চ্যানেল আল-আকসাও হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিল।

গাজায় গতকাল বিস্ফোরণে শিশুসহ ১০ জন নিহত হয়েছে। ইসরায়েলের দাবি, তাদের পাঁচজন সেনা ও হামাসের পাঁচজন নিহত হয়েছে।

এই দিনটিকে নেতানিয়াহু ‘বেদনাদায়ক দিবস’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের নাগরিক, সৈন্য ও শিশুদের রক্ষার স্বার্থে মিশন শেষ না হওয়া পর্যন্ত আমরা কঠোরভাবে জবাব দেব।’

৮ জুলাই থেকে শুরু হওয়া ইসরায়েলের প্রায় একতরফা বর্বর হামলায় ১১ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েল জানিয়েছে, তাদের ৫৩ জন সেনা, তিনজন বেসামরিক লোক ও থাইল্যান্ডের একজন শ্রমিক নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলের এ হামলাকে ‘গণহত্যা’ উল্লেখ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ফিলিস্তিনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান। গতকাল ঈদ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরায়েল ‘ক্ষিপ্ত কুকুর’ ও ‘বন্য নেকড়ে’র মতো আচরণ করছে। গাজায় মানবিক বিপর্যয় ঘটাচ্ছে।
বিশ্ববাসী বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোর উচিত ফিলিস্তিনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।

শত শত ফিলিস্তিনি বাড়িঘর ছেড়ে মধ্য গাজায় শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছে। অনেকেই আশ্রয় নিচ্ছে দেশটির উত্তরে জাতিসংঘের স্কুলে। দক্ষিণাঞ্চলীয় শহর বেইত লাহিয়াথে পালিয়ে আসা গাসান আবেদ এএফপিকে বলেন, বাড়িঘর ছেড়ে দেওয়ার জন্য সেনাবাহিনীর হুমকির মুখে আমরা গতকাল এখানে আশ্রয় নিয়েছি।

গতকাল জাতিসংঘের প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, সোয়া দুই লাখ ফিলিস্তিনি ইতিমধ্যে বাড়িঘর ছেড়ে পালিয়েছে। আর এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ জাতিসংঘের ৮২টি স্কুলে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন দুই দেশের মধ্যে চলমান এ অবস্থার সমালোচনা করেছেন। তিনি গতকাল গাজায় মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব ঈদুল ফিতর সামনে রেখে তাত্ক্ষণিক ও শর্তবিহীন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। গাজার অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘মানবতার স্বার্থে এই সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে।’