গত বছর ভারতের চেয়ে বেশি পরমাণু অস্ত্র ছিল পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ভান্ডারে গত বছর প্রায় ১২০টি পারমাণবিক অস্ত্র ছিল। এ সংখ্যা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের তুলনায় ১০টি বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সাময়িকী বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস এ তথ্য জানিয়েছে। খবর আইএএনএসের।
পরমাণু সক্ষমতাবিষয়ক সাময়িকীটিতে সম্প্রতি চিত্র ও সারণির সাহায্যে বিশ্বের পরমাণু শক্তিধর নয়টি দেশের সামর্থ্য তুলে ধরা হয়েছে। ১৯৮৭ সাল থেকে এ ধরনের তথ্যমূলক প্রতিবেদন প্রকাশ করছে সাময়িকীটি।
‘নিউক্লিয়ার নোটবুক ইন্টারঅ্যাকটিভ ইনফোগ্রাফিক’ নামের ওই তথ্যমূলক প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্ষেপণাস্ত্রের মোট সংখ্যা আশির দশকের শেষে সর্বোচ্চ পর্যায়ে (৬৫ হাজার) ছিল। কিন্তু এখন তা অনেক কমেছে। এখন সংখ্যাটি ১০ হাজারের চেয়ে কিছু বেশি হবে। তবে পারমাণবিক অস্ত্রধারী দেশের সংখ্যা আগের চেয়ে বেড়েছে।
যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী ১৯৪৫ সালে বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস সাময়িকীটি প্রতিষ্ঠা করেন। ‘ম্যানহাটান প্রজেক্টের’ আওতায় বিশ্বের প্রথম পারমাণবিক বোমা তৈরির কাজে সহায়তা করেন এঁরাই।
চিত্র ও সারণিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়া—দুটি দেশেরই এখন প্রায় পাঁচ হাজার করে পারমাণবিক অস্ত্র রয়েছে। এ ছাড়া ফ্রান্সের ৩০০, যুক্তরাজ্যের ২২৫ এবং ইসরায়েলের কাছে ৮০টি পরমাণু-অস্ত্র রয়েছে। উত্তর কোরিয়া ২০০৬, ২০০৯ ও ২০১৩ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
সাময়িকীর নির্বাহী পরিচালক র্যাচেল ব্রনসন বলেন, কার কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং কখন তারা সেগুলোর অধিকারী হয়েছে ইত্যাদি বিষয়ে তাদের পত্রিকার ‘ইনফোগ্রাফিক’-এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে জানার সুযোগ রয়েছে।
‘নিউক্লিয়ার নোটবুক’ প্রতিবেদনের লেখকদের নাম হ্যান্স এম ক্রিস্টেনসেন এবং রবার্ট এস নরিস। তাঁরা দুজনেই ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের সঙ্গে যুক্ত রয়েছেন। নিউক্লিয়ার নোটবুকের সর্বশেষ এ সংস্করণে তাঁরা প্রকাশনাটির ২৮ বছরের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি উল্লেখ করেছেন বিভিন্ন দেশ কীভাবে তাঁদের মাধ্যমে নিজ দেশে বসেই অন্যদের পারমাণবিক অস্ত্র-সামর্থ্য জেনে নিতে পারছে। বিভিন্ন দেশের অস্ত্র-সামর্থ্য নিয়ে গত ২৮ বছরের বিশ্লেষণের মাধ্যমে নিউক্লিয়ার নোটবুক বিভিন্ন গবেষক, সংগঠনের কর্মী ও সাংবাদিকদের জন্য একটি দৈনন্দিন তথ্যভান্ডারে পরিণত হয়েছে।
বুলেটিনের সম্পাদক জন ম্যাকলিন বলেন, ‘ইনফোগ্রাফিকের মাধ্যমে আমরা পারমাণবিক অস্ত্রের সংখ্যাকে স্পষ্টভাবে উপস্থাপন করতে চেয়েছি। কারণ, বিশ্ব শুধু তথ্যনির্ভর নয়, দৃশ্যও একটি বড় ভূমিকা রাখে। নতুন ইনফোগ্রাফিকটির মাধ্যমে তথ্যগুলো আরও বেশি সহজবোধ্য হয়েছে।’