গভর্নরের গ্রেপ্তারের দাবিতে লাখো মানুষের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নরকে গ্রেপ্তারের দাবিতে লাখো লোকের বিক্ষোভ সমাবেশ হয়। ছবি: এএফপি
আজ শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নরকে গ্রেপ্তারের দাবিতে লাখো লোকের বিক্ষোভ সমাবেশ হয়। ছবি: এএফপি

ইসলাম সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে ইন্দোনেশিয়ার এক গভর্নরকে গ্রেপ্তারের দাবিতে লাখো মানুষের বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ শুক্রবার বিশ্বের সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ওই সমাবেশ হয়।
বিক্ষোভকারীরা জাকার্তার খ্রিষ্টান গভর্নর বাসুকি তিজাহাজা পুর্নামা ওরফে আহোকের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। বড় ধরনের নাশকতার আশঙ্কায় বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। গত ৪ নভেম্বর প্রায় এক লাখ কট্টরপন্থী মুসলিমের সহিংস সমাবেশের কথা ভেবে এ ব্যবস্থা নেওয়া হয়। ওই সময় নিরাপত্তাকর্মী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও শতাধিক আহত হন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ব্লাসফেমি বিক্ষোভে ইন্ধন জোগানোর জন্য ‘রাজনৈতিক অভিনেতাদের’ দায়ী করেছেন। আহোক প্রেসিডেন্টের রাজনৈতিক দলের একজন।
আজ গভর্নরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের জন্য জাকার্তার বড় পার্ক অভিমুখে সমবেত হতে থাকেন বিক্ষোভকারীরা। তাঁরা ‘আহোককে কারাগারে পাঠাও, আইন সবার জন্য সমান হোক’ লেখা ব্যানার বহন করছিলেন। অনেকে মাথায় সাদা টুপি ও সাদা আলখাল্লা পরে বিক্ষোভে অংশ নেন।

সমাবেশে যোগ দিতে অনেকেই রাজধানীর বাইরের বিভিন্ন স্থান থেকেও আসেন। রিকি সুবাগিয়া নামের ২৬ বছর বয়সী এক যুবক ২০০ কিলোমিটার দূরের গারুত শহর থেকে সমাবেশে যোগ দিতে আসেন। তিনি বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই, আর ন্যায়বিচার বলতে আমি আহোককে গ্রেপ্তার করাই বোঝাচ্ছি।’

প্রাথমিকভাবে কর্তৃপক্ষ জানাতে পারেনি কতসংখ্যক মানুষ রাস্তায় নেমে এসেছিল। ধারণা করা যাচ্ছে, তা লাখ ছাড়িয়ে যাবে। পুলিশের মুখপাত্র রিকওয়ান্টো জানিয়েছেন, আনুমানিক দুই লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।

জাকার্তায় গত ৫০ বছরে আহোকই প্রথম অমুসলিম, যিনি গভর্নর হিসেবে নিয়োগ পান। নির্বাচনের সময় পবিত্র কোরআন শরিফ নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। তবে তাঁকে আটক করা হয়নি। এখন এ ঘটনায় রক্ষণশীল মুসলিম গোষ্ঠী তাঁকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে।