গাছ লাগাতে বলল তালেবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যতিক্রমধর্মী এক বার্তায় বেশি করে গাছ লাগানোর জন্য আফগানদের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান গোষ্ঠী। উগ্রপন্থী সংগঠনটির পক্ষ থেকে এই ধরনের বার্তা কদাচিৎ পাওয়া যায়।
তালেবানপ্রধান হায়বাতুল্লাহ আখুনজাদার পক্ষ থেকে গতকাল রোববার দেওয়া বার্তায় বলা হয়েছে, ইহকাল ও পরকালীন উভয় ধরনের কল্যাণের জন্য বেশি করে গাছ লাগানো উচিত।
তালেবান গোষ্ঠী সাধারণত তাদের বিভিন্ন হামলা, হামলায় হতাহতের সংখ্যা ও ঘটনার বিবরণ, আগাম হুমকি এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনা প্রত্যাহারের বার্ষিকী উপলক্ষে বার্তা দিয়ে থাকে। ওই বার্তাগুলোতেও কোনো নেতার নাম উল্লেখ থাকে না। কিন্তু এবার তালেবানপ্রধান হায়বাতুল্লাহ আখুনজাদার স্বাক্ষরসংবলিত ভিন্ন ধরনের এ বার্তা দেওয়া হলো।
গতকালের বার্তায় হায়বাতুল্লাহ আখুনজাদা আফগান নাগরিকদের এক বা একাধিক ফলদ ও বনজ গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, এতে সৌন্দর্য বাড়বে। আল্লাহর সৃষ্টির কল্যাণ হবে। পাশাপাশি পরকালীন পুণ্যও অর্জিত হবে।
গত বছরের মে মাসে তালেবানের তখনকার প্রধান মোল্লা মনসুর পাকিস্তানে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হলে সংগঠনের নেতা নির্বাচিত হন মৌলভি হায়বাতুল্লাহ আখুন্দজাদা। নিরাপত্তার কারণে তিনি গোপন অবস্থানে আছেন।
২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন হামলায় ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে লড়াই করে যাচ্ছে কট্টর ইসলামপন্থী তালেবান। ২০১৪ সালে অধিকাংশ পশ্চিমা সেনা চলে যাওয়ার পর থেকে পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করছে তারা।