গাজা সীমান্তে 'বাফার জোন' প্রতিষ্ঠা করবে মিসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে বাফার জোন (সংঘাতের প্রভাব এড়াতে বিশেষ অঞ্চল) প্রতিষ্ঠা করতে গাজা উপত্যকাসংলগ্ন মিসরীয় সীমান্ত এলাকার লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মিসরের সেনাবাহিনী এ বাফার জোন গড়ে তুলতে চায়। খবর আল-জাজিরার।
সেনাবাহিনীর পক্ষ থেকে সেখানকার অধিবাসীদের বলা হয়েছে, বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার আগেই তারা যেন এলাকা ত্যাগ করে। মিসরের গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপে গত শুক্রবার সন্দেহভাজন জঙ্গিদের আত্মঘাতী হামলার চার দিন পরই দেশটির সরকার নতুন এই পদক্ষেপের ঘোষণা দিল। ওই হামলায় অন্তত ৩১ জন সেনা সদস্য নিহত হন, যা গত এক দশকে জঙ্গি হামলায় মিসরের সেনাবাহিনীতে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।
একজন মিসরীয় কর্মকর্তা বলেছেন, বাফার জোনটি হবে ৫০০ মিটার প্রশস্ত। সীমান্তের ১৩ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হবে এটি। এর চারদিকে গর্ত খনন করে পানি পূর্ণ করা হবে, যাতে সুড়ঙ্গ খনন করা না যায়। মিসর ও ফিলিস্তিন সীমান্ত এলাকায় অস্ত্র ও অননুমোদিত যাতায়াত বন্ধ করাই হবে এর উদ্দেশ্য।
একজন কর্মকর্তা বলেছেন, পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় বসবাস করা লোকজনকে এলাকাটি ছেড়ে যাওয়ার জন্য প্রাথমিকভাবে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল সেনাবাহিনী। কিন্তু অধিবাসীদের বিক্ষোভের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। সীমান্তে বসবাসকারী বিভিন্ন গোষ্ঠী স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। বেঁধে দেওয়া সময়সীমা আরও বাড়ানো যায় কি না, তাই ওই আলোচনার লক্ষ্য।
এর আগে গত শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি বলেন, জঙ্গিবাদীরা মিসরের অস্তিত্বের প্রতিই হুমকি সৃষ্টি করেছে। ওই ভাষণে প্রেসিডেন্ট সিসি বলেন, ‘বহিঃশক্তি মিসরের বিরুদ্ধে এক বিশাল ষড়যন্ত্র চালাচ্ছে। এর লক্ষ্য মিসর ও মিসরীয়দের খণ্ড-বিখণ্ড করা। মিসর এখন তার অস্তিত্বের জন্য লড়ছে।’