গাজার পুনর্গঠন নিয়ে মিসরের বৈঠকের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার পুনর্গঠনে তহবিল সংগ্রহের লক্ষ্যে কাল রোববার মিসরে এক বৈঠক বসছে। রাজধানী কায়রোয় অনুষ্ঠেয় এ বৈঠকে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। খবর এএফপির।
বৈঠকে কয়েক শ কোটি ডলার সহায়তার প্রয়োজনের কথা তুলে ধরা হবে। জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তু সংস্থা এই বিপুল অঙ্কের আর্থিক চাহিদাকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রসহ ৩১ দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন আন্তর্জাতিক অর্থ তহবিল ও মানবাধিকার সংগঠনের নেতারা বৈঠকে অংশ নেবেন।
এক হিসাবে বলা হয়, গাজার বিধ্বস্ত ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও পানি সরবরাহ ব্যবস্থাসহ সার্বিক অবকাঠামো পুনর্গঠনে প্রায় আট শ কোটি ডলার প্রয়োজন।
বিশ্বব্যাংকের ফিলিস্তিন অঞ্চলের পরিচালক স্টিন লউ জার্গেনসেন বলেন, গাজার অর্থনীতি পুনরুদ্ধারে অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে সামগ্রিক পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে।
এদিকে, পশ্চিমা এক কূটনীতিক আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রোববারের বৈঠকে অনেক দাতাই যোগ দেবে না।