গাজার পুনর্গঠনে ১০০ কোটি ডলার দেবে কাতার
পারস্য উপসাগরীয় তেল-গ্যাসসমৃদ্ধ দেশ কাতার ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজার অবকাঠামো পুনর্গঠনে ১০০ কোটি ডলার সহায়তা দেবে। গতকাল সোমবার মিসরের রাজধানী কায়রোতে দাতা দেশগুলোর এক বৈঠকে দেশটি এ কথা জানায়। এ সহায়তা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়দের ঘোষিত অঙ্কের চেয়ে বেশি। খবর বিবিসি ও এএফপির।
সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়াহ বলেন, কাতার ১০০ কোটি ডলার দিয়ে গাজার পুনর্গঠনে অংশ নেবে বলে ঘোষণা করছে।
মিসরের প্রেসিডেন্ট আবদুল-ফাত্তাহ আল-সিসির উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন ছাড়াও পারস্য উপসাগরীয় এবং ইউরোপের অনেক দেশ অংশগ্রহণ করে।
গত জুলাই মাসে শুরু হওয়া ৫০ দিনের সামরিক অভিযানে গাজার বিশাল অংশকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করে ইসরায়েল। তাদের মিত্র যুক্তরাষ্ট্র গাজার পুনর্গঠনে ২১ কোটি ২০ লাখ ডলার দেবে বলে জানিয়েছে।
সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, গাজার মানুষের জন্য জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন। আগামীকাল কিংবা পরের সপ্তাহে নয়, বরং তাঁদের সেই সহায়তার প্রয়োজন এখনই। এ ছাড়া শান্তি প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
হামাসনিয়ন্ত্রিত গাজায় গত জুলাই–আগস্টের সাত সপ্তাহব্যাপী ইসরায়েলি অভিযানে দুই হাজার একশ র বেশি ফিলিস্তিনি প্রাণ হারায়।