গাজায় আত্মহত্যা বাড়ছে

বিয়ে করবেন মুয়াম্মার কাদির। কিন্তু ফিলিস্তিনের গাজার যে ব্যতিক্রমী জীবন, এর নিষ্পেষণে তিনি অতিষ্ঠ। একপর্যায়ে আত্মঘাতী হতে খেয়ে ফেলেন ইঁদুর মারার বিষ। চিকিৎসকদের তৎপরতায় যাওবা তিনি সেরে উঠেছেন, কিন্তু হতাশা কাটেনি মোটেও।
২১ বছর বয়সী এই হতাশ তরুণের ভাষ্য, ‘আমার জন্য সব দরজা বন্ধ।’ তিনি অভিযোগ করেন, কিছু দিন পরপর পুলিশ তাঁকে পাকড়াও করে। জীবিকার একমাত্র অবলম্বন ফলের দোকানটি তারা বন্ধ করে দিয়েছে। আয়-রোজগার থেকে বঞ্চিত করা হচ্ছে তাঁকে।
গাজায় মুয়াম্মারের মতো এমন হতাশ তরুণদের আত্মহত্যার প্রবণতা ক্রমে বাড়ছে। ফিলিস্তিনি এই এলাকায় এখন চলছে হামাসের শাসন। তাদের বজ্র আঁটুনি আর যুদ্ধবিগ্রহের মধ্যে থেকে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত গাজার মানুষ। ২০০৮ সাল থেকে ইসরায়েলের সঙ্গে তিন তিনবার যুদ্ধ হয়েছে তাদের। এখন সেখানে খাবার নেই, কাজ নেই, নানা সমস্যা।
১৮ লাখ মানুষের দারিদ্র্যের ভারে নুয়ে পড়েছে গাজা। ওই অঞ্চলের ওপর এখন চলছে ইসরায়েলি অবরোধ। মিসরও সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে। পানি ও বিদ্যুৎ সুবিধা সীমিত। বিশ্ব ব্যাংকের তথ্যমতে, বিশ্বে এখন সবচেয়ে বেশি বেকার গাজায়। সেখানকার ৪২ শতাংশ মানুষ বেকার।
মুসলিম অধ্যুষিত গাজায় ঐতিহ্যগত ও ধর্মীয়ভাবে আত্মহত্যা নিষিদ্ধ। তাই সরকারিভাবে এর সঠিক হিসেবে পাওয়া কঠিন। পুলিশ বলছে, এটা ব্যাপকভাবে ছড়ায়নি। নাম না প্রকাশের শর্তে তবে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এএফপিকে বলেন, আত্মহত্যার সংখ্যা আতঙ্কজনক।
চিকিৎসকেরাও এ ধরনের রোগী বেশি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, বিষপান করার কারণ পুলিশই ভালো বলতে পারবে।
৩০ বছরের মোহাম্মদ আবু আসি তাদের একজন। বিষ পান করার পর কয়েক দিন তিনি কোমায় ছিলেন। তিনি বলেন, ‘আমার সন্তানদের মুখে খাবার জুটাতে পারি না আমি। তাই চোখের সামনে ওদের মৃত্যু দেখার চেয়ে বরং আমি মরতে চেয়েছিলাম।’
আবু আসি বলেন, সর্বশেষ সমুদ্রতীরে ‘পুওর পিপলস রোটস’ নামের ছোট্ট ক্যাফেটা বন্ধ করে দিয়েছে পুলিশ। এর ফলে পরিবারকে চালানোর শেষ অবলম্বনটুকু তিনি হারিয়ে ফেলেন। তিনি বলেন, অবৈধ উল্লেখ করে প্রতিনিয়ত হাসাস কর্তৃপক্ষ তাদের দোকান ও স্টল বন্ধ করে দিচ্ছে।
আবু আসি বলেন, ‘এখানে তরুণ, বৃদ্ধ সবাই গরিব। একটা মানুষকে যখন জীবন-মৃত্যুর মধ্যে একটাকে বেছে নিতে হয়, তখনই বোঝা যায় আসলে আমাদের আর কিছু নেই।’
আসির বাবা এ পরিস্থিতির জন্য গাজার নেতাদের দোষারোপ করেন। তিনি বলেন, ‘জনগণের সহায়তায় তাঁরা কিছুই করছেন না। তাঁরা জানেন, আমাদের সন্তানেরা কষ্টে আছে। তাঁরা বারবার আমাদের একই কথা শোনান, ধৈর্য ধর হে বীর জনতা। তাঁদের নেতৃত্ব আমাদের যেখানে নিয়ে যাচ্ছে, তা হলো মৃত্যু।’
গত গ্রীষ্মে যুদ্ধের পর গাজার অবস্থা সবচেয়ে বেশি করুণ হয়ে পড়ে। ওই যুদ্ধে এক লাখের বেশি লোক গৃহহীন হয়ে পড়েন। দুই হাজার ২০০ লোকের বেশি মানুষ মারা যান।
বিশ্ব ব্যাংকের তথ্যমতে, গাজায় ৬০ শতাংশের বেশি মানুষের কোনো কাজ নেই। ৩৯ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। ৮০ শতাংশ মানুষই সহায়তার ওপর নির্ভরশীল।
জাতিসংঘের উন্নয়ন সংস্থা বলছে, আগামী পাঁচ বছরের মধ্যে গাজা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।
সংস্থাটি জানায়, বিশাল জনগোষ্ঠীর এই অঞ্চলে সামাজিক, স্বাস্থ্যগত ও নিরাপত্তাজনিত জটিলতার কারণে ২০২০ সাল নাগাদ গাজা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।