গাজায় আবার সহিংসতা হলে ইসরায়েলকে অস্ত্র দেবে না যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজায় আবার সহিংসতা শুরু হলে ব্রিটিশ সরকার ইসরায়েলে তাদের কিছু কিছু অস্ত্র রপ্তানি স্থগিত রাখবে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের অভিযানে ওই সব অস্ত্র ব্যবহার করতে পারে—এ উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে।
প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের রক্তক্ষয়ী অভিযানের নিন্দা বা এর রাশ টানতে ডেভিড ক্যামেরন সরকার যথেষ্ট কিছু করেনি বলে বিরোধী দলগুলো এমনকি সরকারি দলের অনেক এমপিও অভিযোগ করেছেন।
এদিকে গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি নিয়ে কায়রোয় চলমান আলোচনায় অগ্রগতি হলেও তা চুক্তি সম্পাদনের মতো যথেষ্ট নয় বলে ফিলিস্তিনি প্রতিনিধিদলের একজন মুখপাত্র জানিয়েছেন।
কায়রো আলোচনায় নতুন বা দীর্ঘমেয়াদি অস্ত্রবিরতির ব্যাপারে মতৈক্য না হলে মাসব্যাপী চলা সাম্প্রতিক সংঘাত আবার মাথাচাড়া দিতে পারে। সর্বশেষ ৭২ ঘণ্টা অস্ত্রবিরতির মেয়াদ গত রাতেই শেষ হয়। আলোচনায় অংশ নেওয়া ইসরায়েলের একজন প্রতিনিধি বলেছেন, দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক।
গত মঙ্গলবার আলোচনা শেষে সরকারের সঙ্গে কথা বলতে দেশে ফিরে যান ইসরায়েলিরা। সংলাপের শেষ দিনে গতকাল রাতে দুপক্ষের সমঝোতাকারীদের আবার আলোচনায় বসার কথা।
এক মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে গাজায় এক হাজার ৯৩০ জন ফিলিস্তিনি ও ৬৭ জন ইসরায়েলি নিহত হয়েছেন।
সাংবাদিকসহ পাঁচজন নিহত: গাজা ভূখণ্ডের বেইত লাহিয়ায় গতকাল একটি গোলন্দাজ সরঞ্জামের ভান্ডারে মুহুর্মুহু কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে বার্তা সংস্থা এপির ভিডিও সাংবাদিক সিমন ক্যামিলি ও তাঁর দোভাষী আলী শেহদা আবু আফাস নিহত হন। তাঁরা বিস্ফোরণের সময় সেখানে গাজার নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয় করার দৃশ্য ধারণ করছিলেন।
হামাসের পুলিশ প্রধান কর্নেল ইমাদ আল-আমাসি বলেন, এ ঘটনায় বিস্ফোরক নিষ্ক্রিয় দলের তিনজন সদস্যও নিহত হন। আহত হন আরও চারজন। এঁদের মধ্যে এপির আলোকচিত্রী হাতেম মুসাও রয়েছেন। এএফপি, এপি ও রয়টার্স।