গাজায় আরও ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি

ফিলিস্তিন-শাসিত গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ২৪ ঘণ্টার জন্য বাড়াতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ পাঁচ দিনের যুদ্ধবিরতি গতকাল সোমবার স্থানীয় সময় মধ্যরাতে শেষ হয়। মেয়াদ শেষ হওয়ার আগেই উভয় পক্ষ আরও ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়।
মিসরের মধ্যস্থতায় গত বুধবার পাঁচ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে তিন দিনের আরেকটি যুদ্ধবিরতি হয়েছিল।
গতকালের যুদ্ধবিরতিরও মধ্যস্থতাকারী মিসর। দেশটির কর্মকর্তারা দাবি করেছেন, হামাস ও ইসরায়েল আরও এক দিনের জন্য যুদ্ধবিরতি বাড়াতে রাজি হয়েছে।
ফিলিস্তিন ও ইসরায়েলের কর্মকর্তারা আরও ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন।
মিসর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একটি স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে উভয় পক্ষের প্রতিনিধিরা আরও আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছেন।
গত ৮ জুলাই গাজায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত দুই হাজার ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক সহস্র। হতাহত ব্যক্তিদের অধিকাংশই বেসামরিক নাগরিক।