
গাজায় দীর্ঘমেয়াদি সেনা হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, সুরঙ্গ থেকে হামাসের পরিচালিত নেটওয়ার্ক নিশ্চিহ্ন না করা পর্যন্ত ইসরায়েল এ হামলা চালিয়ে যাবে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এএফপির প্রতিবেদনে জানানো হয়, নেতানিয়াহু এ হুমকি দেওয়ার পর ইসরায়েলি সেনারা গাজায় ফিলিস্তিনি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো শুরু করে। এ সময় একটি মসজিদ বিধ্বস্ত হয়।
জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গতকাল সোমবার গাজায় ঈদের দিনটি শেষ হতে না হতেই গাজা ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ফিলিস্তিনের বুরেজি শরণার্থী শিবিরের একটি ঘরে থাকা ছয়জনসহ ১৩ জন নিহত হয়।
দেশটির কর্মকর্তারা জানান, ৮ জুলাই থেকে শুরু হওয়া ইসরায়েলের প্রায় একতরফা বর্বর হামলায় ১১ শয়ের বেশি ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েল জানিয়েছে, তাদের ৫৩ জন সেনা, তিনজন বেসামরিক লোক ও থাইল্যান্ডের একজন শ্রমিক নিহত হয়েছে।
গতকাল রাতে হামাসের সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ের বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ধারণা করা হচ্ছে এ সময় ওই বাড়ি ফাঁকা ছিল। হামাস জানায়, তাদের টেলিভিশন চ্যানেল আল-আকসাও হামলাকারীদের টার্গেট ছিল।
ইতিমধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, গাজা থেকে তিনটি রকেট হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটিকে ভালোভাবে ঠেকানো গেছে।
অন্যদিকে গাজাতে গতকাল বিস্ফোরণে শিশুসহ ১০ জন নিহত হয়েছে। আর ইসরায়েল জানিয়েছে, তাদের পাঁচজন সেনা ও হামাসের পাঁচজন নিহত হয়েছে।
এই দিনটিকে নেতানিয়াহু ‘বেদনাদায়ক দিবস’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের নাগরিক, সৈন্য ও শিশুদের রক্ষার স্বার্থে মিশন শেষ না হওয়া পর্যন্ত আমরা কঠোরভাবে জবাব দেব।’
জাতিসংঘের মহাসচিব বান কি মুন দুই দেশের মধ্যে চলমান এ অবস্থার সমালোচনা করেছেন। তিনি গতকাল গাজায় মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব ঈদুল ফিতর সামনে রেখে তাত্ক্ষণিক ও শর্তবিহীন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। গাজার অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘মানবতার স্বার্থে এই সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে।’