গাজায় জাতিসংঘের আরেকটি স্কুলে হামলা

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের রাফা এলাকায় জাতিসংঘের একটি স্কুলে আজ রোববার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ওই স্কুলে আশ্রয় নেওয়া কমপক্ষে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। ইসরায়েলি হামলার ভয়ে স্কুলটি হাজার হাজার ফিলিস্তিনিদের আশ্রয় শিবির হিসেবে ব্যবহূত হচ্ছিল।
গত সপ্তাহে গাজার জাবালিয়ায় জাতিসংঘের আরেকটি স্কুলে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েলিরা। এতে ওই স্কুলে আশ্রয় নেওয়া ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়। খবর বিবিসির।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আজ সকাল থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর আগে গতকাল শনিবার গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর নতুন করে হামলা জোরদার করেছে ইসরায়েল। এতে গতকাল ১০৭ জন ফিলিস্তিনি নিহত হয়। গত ৭ জুলাই থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের বর্বর হামলায় এক হাজার ৭৪০ জন ফিলিস্তিনির প্রাণ গেছে। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। এতে আহত হয়েছেন নয় হাজার ৮০ জন।
ইসরায়েলের একজন সেনাসদস্য বলেন, গত শুক্রবার যুদ্ধ চলাকালে রাফা এলাকায় সেকেন্ড লেফটেন্যান্ট হাদার গোল্ডিন নিখোঁজ হয়েছেন। তাঁদের ধারণা ফিলিস্তিনিরা তাঁকে হত্যা করেছে। এ ছাড়া ইসরায়েলে নিয়োজিত থাইল্যান্ডের একজন কর্মকর্তাসহ তাঁদের ৬৬ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
গাজায় নিয়োজিত জাতিসংঘের কর্মীরা জানান, গাজায় এত সংখ্যক মানুষ আহত ও নিহত হচ্ছে যে এই মুহূর্তে স্বাস্থ্যসেবা দেওয়ায় কঠিন হয়ে পড়েছে।
এদিকে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাদের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত পিছপা হবে না।