
আরেক দফা মানবিক যুদ্ধবিরতি বানচাল হয়ে গেল গাজায়। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হতে না হতেই ইসরায়েলের গোলায় আবারও প্রকম্পিত হলো গাজা উপত্যকা। ঝরে পড়ল আরও কিছু প্রাণ। গতকাল শুক্রবার ইসরায়েলি বাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে আরও অন্তত ৬২ জনের। আহত হয়েছে দেড় শর বেশি। এ নিয়ে গত ৭ জুলাই শুরু হওয়া অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৪৯৭ জনে। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
হামাসের দিক থেকে প্রতিশ্রুতি ভঙ্গ করা হচ্ছে—এ অভিযোগ তুলে ইসরায়েল গতকাল ফের আক্রমণ শুরু করে। আন্তর্জাতিক মহলের জোরদার চেষ্টায় সর্বশেষ এই যুদ্ধবিরতির উদ্যোগকে রক্তপাত বন্ধের পথে শুভ ইঙ্গিত হিসেবেই ধরে নেওয়া হয়েছিল।
ইসরায়েলের অভিযোগ, তাদের এক সেনাসদস্য নিখোঁজ হয়েছে। তাদের দাবি, গতকাল সকালে নতুন করে যুদ্ধবিরতি শুরুর পরপরই ওই সেনাসদস্যকে ধরে নিয়ে যায় হামাস জঙ্গিরা। তবে হামাসের তরফ থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা হয়নি। আবার তারা বিষয়টি অস্বীকারও করেনি। হামাস বলেছে, যুদ্ধবিরতি ভঙ্গ ও রাফায় গণহত্যার ঘটনা ধামাচাপা দিতেই সেনাসদস্য নিখোঁজ হওয়ার ‘নাটক সাজিয়েছে’ ইসরায়েল।
সেনাসদস্য নিখোঁজ হওয়ার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বলেন, একটি সুড়ঙ্গ থেকে বের হওয়া জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের সময় ওই সেনাসদস্য নিখোঁজ হন। এ সময় জঙ্গিদের একজন বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়েও দেন।
হামাস ও ইসরায়েল উভয়ের সম্মতিতে বৃহস্পতিবার রাতে এ যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এরপর গতকাল স্থানীয় সময় সকাল আটটা থেকে যুদ্ধবিরতি শুরু হয়। তিন দিনের এই যুদ্ধবিরতির সময়ে মিসরের রাজধানী কায়রোতে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসারও কথা ছিল। কিন্তু ইসরায়েল নতুন করে হামলা শুরু করায় আপাতত সবকিছু ভেস্তে গেল। তাদের মুহুর্মুহু গোলায় গতকাল কেঁপে ওঠে গাজার দক্ষিণ সীমান্তবর্তী শহর রাফা।
হামলার কিছুক্ষণের মধ্যে তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়, গাজায় হামাস ও অন্য অস্ত্রধারী গোষ্ঠীগুলো ঘৃণ্যভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর আগে নেতানিয়াহু বৃহস্পতিবার হুংকার দিয়ে বলেন, হামাসের তৈরি সব সুড়ঙ্গ ধ্বংস না করা পর্যন্ত ইসরায়েল গাজায় অভিযান চালিয়ে যাবে। যুদ্ধবিরতি থাক বা না থাক, ইসরায়েল সব সুড়ঙ্গ ধ্বংস করতে বদ্ধপরিকর।
গতকাল যুদ্ধবিরতি কার্যকর শুরু হওয়ার পরপরই বিভিন্ন শরণার্থী শিবির ও আশ্রয়কেন্দ্র থেকে প্রয়োজনীয় মালামালের বোঝা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন ফিলিস্তিনিরা। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘরের দিকে যেতে থাকেন তাঁরা। চার সন্তান নিয়ে বাড়ি ফিরছিলেন ৩৮ বছর বয়সী আশরাফ জায়িদ। তিনি বলেন, ‘আমরা বেইত লেহিয়ায় ফিরে যাচ্ছি। আশা করছি, যুদ্ধবিরতি স্থায়ী হবে। আমাদের আর জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে ফিরে যেতে হবে না।’ কিন্তু অচিরেই তাদের এ আশা দূরাশায় পরিণত হয়।
গাজা থেকে হামাস রকেট ছুড়ছে—এই অজুহাত তুলে ৮ জুলাই ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রথম দিকে তা বিমান হামলায় সীমাবদ্ধ থাকলেও হামাসের সুড়ঙ্গ ধ্বংস করার কথা বলে ১৭ জুলাই থেকে শুরু হয় স্থল অভিযান। হামাস অস্ত্র পাচার ও ইসরায়েলে চোরাগোপ্তা হামলা চালাতে ওই সব সুড়ঙ্গ ব্যবহার করে বলে তেল আবিবের অভিযোগ।