গাজায় নতুন সহিংসতার নিন্দায় যুক্তরাষ্ট্র-জাতিসংঘ

ফিলিস্তিন-শাসিত গাজায় নতুন করে শুরু হওয়া সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গাজায় গতকাল শুক্রবার ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই আবার দুই পক্ষের সংঘাত শুরু হয়।
গতকাল গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই নিয়ে প্রায় চার সপ্তাহের হামলায় এক হাজার ৯২২ জন ফিলিস্তিনির প্রাণ ঝরে গেছে। তাদের অধিকাংশই বেসামরিক মানুষ। এর মধ্যে ৪৪৮ জন শিশু ও ২৩৫ নারী।
গাজায় ব্যাপক হতাহতের পর গত মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও গাজা শাসনকারী ইসলামপন্থী সংগঠন হামাস।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গতকাল স্থানীয় সময় সকালে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই গাজা থেকে ইসরায়েলের ভেতরে রকেট ছোড়া শুরু করে হামাস।
জবাবে গাজায় আবার বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় এক ফিলিস্তিনি শিশুসহ পাঁচজন নিহত হয়েছে।
গাজায় নতুন করে সহিংসতার নিন্দা জানিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট বলেছেন, একটি টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে উভয় পক্ষের কাজ করা উচিত।
হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত এবং একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতিতে উপনীত হবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে নতুন সহিংসতার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, এই সংঘাতে আরও বেসামরিক মানুষের দুর্ভোগ ও মৃত্যু দুর্বিষহ।
একটি টেকসই যুদ্ধবিরতির পথ খুঁজে বের করতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।
উভয় পক্ষকে একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে সম্মত করতে মিসরের মধ্যস্থতায় আন্তর্জাতিক কূটনীতিকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। যুদ্ধবিরতির মেয়াদ অন্তত আরও ৭২ ঘণ্টা বাড়ানোর জন্য কায়রোতে চলমান আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, রকেট হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা আর যুদ্ধবিরতি-সংক্রান্ত কোনো আলোচনায় যাবে না।
অপর দিকে দাবি পূরণে ব্যর্থতার অভিযোগে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে হামাস। তাদের অন্যতম দাবি, গাজার ওপর থেকে ইসরায়েলের আট বছর ধরে চলমান অবরোধ তুলে নেওয়া এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া।