গাজায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সোমবার এ কথা জানিয়েছে। খবর এএফপি ও বিবিসির।
দুই দফায় তিন ও পাঁচ দিনের যুদ্ধবিরতি মিলিয়ে গত আট দিন গাজায় হামলা বন্ধ রেখেছে ইসরায়েল। হামলা বন্ধ থাকলেও আগে আহত ব্যক্তিদের অনেকে এখনো মারা যাচ্ছে। এ কারণে বাড়ছে নিহতের সংখ্যা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৮ জুলাই শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা মোট দুই হাজার ১৬-তে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৩১ জন শিশু ও ২৫০ জন নারী। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছে ১০ হাজার ১৯৬ জন।
সর্বশেষ পাঁচ দিনের যুদ্ধবিরতি গতকাল স্থানীয় সময় মধ্যরাতে শেষ হওয়ার কথা। এর প্রায় আট ঘণ্টা আগে আবারও যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির উদ্দেশ্যে মিসরের কায়রোতে শান্তি আলোচনায় বসে দুই পক্ষ। এই আলোচনা সাফল্যের মুখ দেখবে কি না, তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, দুই পক্ষের অপ্রত্যক্ষ এ আলোচনায় যোগ দিতে যখন সমঝোতাকারী দলগুলো কায়রোয় সমবেত হয়, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, নিরাপত্তার প্রশ্নে তাঁর দেশ কোনো ছাড় দেবে না।
এদিকে ইসরায়েলি ও মিসরীয় অবরোধ তুলে নেওয়ার দাবিতে অনঢ় অবস্থানে আছে গাজা নিয়ন্ত্রণকারী ইসলামি গোষ্ঠী হামাস।