গাজায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। টানা ১৮ দিন ধরে চলা নির্বিচার স্থল ও বিমান অভিযানে নিহত এসব মানুষের অধিকাংশই নারী ও শিশুর।
এদিকে আজ শনিবার সকাল থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে ১২ ঘণ্টার এক মানবিক যুদ্ধবিরতি শুরু হয়েছে। বাড়িঘরের ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা লোকজনকে উদ্ধারেই এ যুদ্ধবিরতি। এই সময়ের মধ্যে ইসরায়েলি ধ্বংসলীলার প্রকৃত চিত্রও ফুটে উঠতে শুরু করেছে। ধ্বংসস্তূপে মিলছে শুধুই মৃতদেহ।
এদিকে যুদ্ধ বিরতির ফলে কিছু সময়ের জন্য গাজার অধিবাসীরা নিজ নিজ বাড়িতে ফিরে প্রয়োজনীয় পণ্যসামগ্রী সংগ্রহ করে।
বিবিসি ও এএফপির খবরে বলা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৮৫টির বেশি মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। এ নিয়ে গত ৮ জুলাই ইসরায়েলি অভিযান শুরুর পর নিহত ফিলিস্তিনির সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেল।
চিকিত্সাকর্মীরা জানান, সকালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপ থেকে অন্তত ৮৫টি লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে গাজার জরুরি সেবা বিভাগের মুখপাত্র আশরাফ আল-কাদরা বলেন, মৃতদেহগুলো উদ্ধার করে গাজাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে গাজার অসংখ্য ভবনের ধ্বংসস্তূপের মধ্যে এখনো বহু লোক চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।
সময়সীমা বাড়ানোর আহ্বান
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্য, ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকেরা। গাজা পরিস্থিতি নিয়ে আজ ফ্রান্সের প্যারিসে এক বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, তুরস্ক ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের একজন প্রতিনিধি।