নতুন হামলায় বালক নিহত, আলোচনা বাতিলের ঘোষণা ইসরায়েলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজায় আজ শুক্রবার আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। হামলার পর গাজার জনবসতিপূর্ণ একটি এলাকার ভবনের ওপর ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: রয়টার্স
গাজায় আজ শুক্রবার আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। হামলার পর গাজার জনবসতিপূর্ণ একটি এলাকার ভবনের ওপর ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: রয়টার্স

৭২ ঘণ্টা যুদ্ধবিরতি শেষে আজ শুক্রবার গাজায় আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। এ হামলায় আজ ১২ বছর বয়সী এক বালক নিহত হয়েছে। আহত হয়েছে ছয়জন।
এদিকে যুদ্ধবিরতির সময় বাড়ানোর জন্য মিসরের মধ্যস্থতায় যে আলোচনা চলছিল তা বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল।
বিবিসির অনলাইন খবরে জানানো হয়, আজ গাজা শহরের একটি মসজিদে ইসরায়েলি হামলায় ওই বালক নিহত হয়েছে। ফিলিস্তিনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
সকাল থেকে গাজায় আবারও হামলা চালানোর বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, গাজা উপত্যকায় ‘জঙ্গি-অধ্যুষিত’ এলাকাগুলোতে হামলা চালানো হচ্ছে। তারা জানায়, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে গাজা থেকে এ পর্যন্ত ৩৫টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে তিনটি রকেট ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে গাজায় ‘জোরালো’ হামলা চালানোর নির্দেশ দেন। ৭২ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতি শেষ হতে না হতে আজ আবার ফিলিস্তিনি যোদ্ধারা রকেট হামলা চালিয়েছেন—এমন অভিযোগ তুলে নেতানিয়াহু এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশের বিষয়টি এক বিবৃতির মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসরায়েলের এক সরকারি কর্মকর্তা। বিবৃতিতে তিনি জানান, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে হামাসের হামলার জবাবে পাল্টা জোরালো হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।
গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটায় দুই পক্ষের মধ্যে ৭২ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়ে আজ সকালে শেষ হয়। এর আগে গত ৮ জুলাই থেকে গাজায় একতরফা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে এক হাজার ৯৪০ জন ফিলিস্তিনি। অন্য দিকে, হামাসের ছোড়া রকেটের আঘাতে ৬৯ জন ইসরায়েলি নিহত হয়েছে।