পশ্চিম তীরে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যুপুরী গাজা
মৃত্যুপুরী গাজা

 ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে প্রতিপক্ষের হামলায় অন্তত দুজন নিহত ও প্রায় ২০০ জন আহত হয়েছে। রামাল্লা থেকে অন্তত ১০ হাজার বিক্ষোভকারী পূর্ব জেরুজালেমের উদ্দেশে যাওয়ার পথে ইসরায়েল এ হামলা চালায়। ইসরায়েলি পুলিশ ২০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।

গাজার দক্ষিণাঞ্চলে দেউর-এল-বালাহ শহরে বিমান হামলায় একটি বাড়িতে ২৬ বছর বয়সী এক নারী ও ২৩ বছর বয়সী সন্তানসম্ভবা নারী নিহত হন। তবে তাঁর শিশুটি রক্ষা পেয়েছে।

৮ জুলাই থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের প্রায় একতরফা বর্বর হামলা চলছে। এ হামলায় এখন পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ৮০০ জন ছাড়িয়েছে। এ ছাড়া ইসরায়েলের ৩২ জন সেনা এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলনের অংশ হিসেবে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়। পশ্চিম তীরের ফিলিস্তিনি নেতারা ক্ষোভ প্রকাশের জন্য রমজানের শেষ শুক্রবারকে বেছে নেন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় জেরুজালেমে আল-আকসা মসজিদে যাওয়ার পথে বাধা দেয় ইসরায়েলি পুলিশ। সেখানে ৫০ বছরের কম বয়সী পুরুষদের ঢুকতে বাধা দেওয়া হয়।

ইসরায়েলি সেনা সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, পশ্চিম তীরে ফিলিস্তিনিরা পাথর ছুড়ে বিক্ষোভ করে ও টায়ার জ্বেলে সড়ক অবরোধ করে। ইসরায়েলি সেনারা বিক্ষোভ দমনে এক ধরনের অস্ত্র ব্যবহার করে।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংস্তুপ। ছবিটি বৃহস্পতিবার গাজা শহর থেকে তোলা। ছবি: এএফপি
গাজায় ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংস্তুপ। ছবিটি বৃহস্পতিবার গাজা শহর থেকে তোলা। ছবি: এএফপি

ইসরায়েলি পুলিশ জানায়, পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনায় অন্তত ২০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

ইসরায়েলি গণমাধ্যম পশ্চিম তীরের এই বিক্ষোভকে ২০০০-২০০৫ সালের মধ্যবর্তী বিক্ষোভ আন্দোলনের সঙ্গে তুলনা করেছে। অনেকেই এটিকে দ্বিতীয় ‘ইনতিফাদা’ বলে উল্লেখ করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনে নিহত হওয়া সাধারণ মানুষের প্রতি তিনি দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি এসব ঘটনার জন্য হামাসকে দায়ী করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে আন্তর্জাতিক তত্পরতা চলছে। গত বুধবার মিসরের এক কর্মকর্তা বলেন, ঈদ উপলক্ষে মানবিক কারণে সপ্তাহান্তে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।

মানবিক কারণে যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়েছেন হামাস নেতা খালেদ মিশাল। কিন্তু তিনি শর্ত দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির আগে গাজায় ইসরায়েলের অবরোধ তুলে নিতে হবে।

ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক হামলার সূত্রপাত ৮ জুলাই। ইসরায়েলি তিন কিশোরকে সম্প্রতি অপহরণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে এই হামলা শুরু হয়। হামাসই ওই ঘটনা ঘটিয়েছে বলে মনে করে ইসরায়েল। তবে হামাস তা অস্বীকার করেছে। পরে ফিলিস্তিনি এক কিশোরকে একইভাবে হত্যা ও অপহরণের পর উত্তেজনা নতুন মাত্রা পায়। এরপর গাজা থেকে রকেট ছোড়া হচ্ছে—এমন দাবি তুলে ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ শুরু করে ইসরায়েল।
এর আগে ২০১২ সালের নভেম্বরে গাজায় অভিযান চালায় ইসরায়েল। তখন আট দিনের মাথায় মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়।