গাজায় বিশ্ববিদ্যালয়ে বিমান হামলা
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের রাফা এলাকায় ইসলামিক ইউনিভারসিটি অব গাজা নামক একটি বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার সকালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় বিশ্ববিদ্যালয়ের বড় এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। খবর আল জাজিরার।
ঘটনাস্থলে আল জাজিরার দায়িত্বরত সাংবাদিক ইমতিয়াজ তায়্যিব বলেন, হামলার লক্ষ্য ওই বিশ্ববিদ্যালয় ছিল কি না, সে ব্যাপারে তাঁরা নিশ্চিত হতে পারেননি। ইমতিয়াজ তায়্যিব বলেন, এই হামলা থেকেই বোঝা যায় গাজার পরিস্থিতি কতটা ভয়াবহ ও সহিংস।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল শুক্রবার যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে আজ শনিবার পর্যন্ত ইসরায়েলের হামলায় ১০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
গত ৮ জুলাই থেকে গাজায় ইসরায়েলের হামলা শুরু হয়। এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৬৫৫ জনে পৌঁছেছে। হামলা ও সংঘর্ষে ৮ হাজার ৯০০ জন আহত হয়েছে।