গাজায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুপুরী গাজায় অবশেষে গতকাল শনিবার থেমেছে গোলাবর্ষণ আর বোমার গগনবিদারী গর্জন। কিন্তু তার আগে ঝরে গেল এক হাজারের বেশি প্রাণ। ১২ ঘণ্টার এক মানবিক যুদ্ধবিরতির সুযোগে গাজার অধিবাসীরা বাড়ি ফিরে দেখতে পেয়েছে ধ্বংসলীলার ভয়াবহ চিত্র। ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছে শুধুই মৃতদেহ। পরে ইসরায়েল যুদ্ধবিরতি আরও চার ঘণ্টা বাড়াতে সম্মত হয়।
এদিকে ইসরায়েলি এক সামরিক মুখপাত্র রাতে জানান, যুদ্ধবিরতির ১২ ঘণ্টা শেষ হওয়ার পরই হামাস গাজা থেকে ইসরায়েলের লক্ষ্যে রকেট ছুড়েছে।
গতকাল রাত নয়টা পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৫টি মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। এ নিয়ে ৮ জুলাই ইসরায়েলি অভিযান শুরুর পর নিহত ফিলিস্তিনির সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেল। খবর বিবিসি, এএফপির।
চিকিৎসাকর্মীরা জানান, সকালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপ থেকে অন্তত ৭৬টি লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে ২৫টি উত্তরাঞ্চলীয় বেইত হানুন ও বেইত লাহিয়া এবং ২৫টি পূর্বাঞ্চলীয় শাজাইয়া ও জয়তুন শহর থেকে উদ্ধার করা হয়।
গাজার অসংখ্য ভবনের ধ্বংস-স্তূপের মধ্যে এখনো বহু লোক চাপা পড়ে আছে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। জরুরি উদ্ধারকারী দল জীবিত ও মৃত ব্যক্তিদের বের করে আনার জন্য গতকাল সন্ধ্যার পরও অনেক জায়গায় অক্লান্ত চেষ্টায় নিয়োজিত ছিল।
শাজাইয়া শহরের চারদিকে কেবলই ধ্বংসের চিহ্ন। বেশির ভাগ ভবন একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। শক্তিশালী বোমার আঘাতে কিছু গাড়ি উড়ে গিয়ে পড়েছে কোনোমতে টিকে থাকা ভবনের ছাদে। লাশের পূতিগন্ধময় পরিবেশের মধ্যেই আতঙ্কিত ফিলিস্তিনিরা তাঁদের স্বজনদের মৃতদেহ এবং অপরিহার্য জিনিসপত্র হন্যে হয়ে খুঁজছিলেন।