গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হামলা আশ্রয়শিবিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগের দিন জাতিসংঘের আশ্রয়শিবিরে বোমাবর্ষণের পর সারা বিশ্বের সমালোচনার মুখে গতকাল সোমবার কয়েক ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল ইসরায়েল। কিন্তু সেই যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে আবার হামলা হলো আশ্রয়শিবিরে। এতে নিহত হয়েছে এক শিশু। আহত হয়েছেন ৩০ জন, এঁদের অধিকাংশ নারী ও শিশু। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ গতকাল ২৭তম দিনে গড়িয়েছে। গতকাল ‘একতরফা যুদ্ধবিরতির’ মধ্যে হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৬ জন। আর সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮২৯ জন।
১০ দিনের মধ্যে তৃতীয় দফায় গত রোববার হামলার শিকার হয় জাতিসংঘের আশ্রয়শিবির। রাফা শহরে তিন হাজার মানুষ আশ্রয় নেওয়া শিবিরটিতে বোমাবর্ষণে নিহত হয় অন্তত ১০ জন। নির্বিচার এ হামলার সমালোচনা করে ইসরায়েলের কঠোর নিন্দা জানায় আন্তর্জাতিক সম্প্রদায়।
নিন্দার মুখে পড়ে গতকাল স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাত ঘণ্টা গাজায় একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েল। তবে দক্ষিণের রাফা শহর যুদ্ধবিরতির আওতার বাইরে রাখা হয়। একই সঙ্গে ঘোষণা দেওয়া হয় হামাস রকেট ছুড়লে যেকোনো সময় যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা শুরু করা হবে।
কিন্তু ওই যুদ্ধবিরতির সময় শুরুর কিছুক্ষণের মধ্যেই হামলা হয় গাজায়। যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে একটি আশ্রয়শিবিবিরে। ঘটনাস্থলের কাছে হোটেলে অবস্থানকারী বার্তা সংস্থা এএফপির কয়েকজন সাংবাদিক জানান, এফ-১৬ জঙ্গিবিমানের গগনবিদারী শব্দ কানে আসার মুহূর্তের মধ্যেই আল-শাতি আশ্রয়শিবিরের তিনতলা একটি ভবনে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে আট বছর বয়সী একটি মেয়ে শিশু নিহত ও নারী-শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হন।
এএফপির এক সাংবাদিক জানান, ইসরায়েলের ঘোষিত যুদ্ধবিরতি শুরু হয় সকাল ১০টা থেকে। কিন্তু আশ্রয়শিবিরটিতে হামলা হয় ১০টা ছয় মিনিটে।
ঘটনাস্থলের পাশের বাসিন্দা আয়মান মাহমুদ বলেন, ‘১০টা বাজার পরপরই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় জঙ্গিবিমান থেকে। যুদ্ধবিরতি বলে কিছুই এখানে নেই। এটা কীভাবে যুদ্ধবিরতি হতে পারে? তারা সব মিথ্যাবাদী। তারা নিজেদের কথাই রাখছে না।’
ওই হামলার পর হামাসের মুখপাত্র সামি আবু জুহরি আল আকসা টেলিভিশনকে বলেন, ‘ইসরায়েলের তথাকথিত যুদ্ধবিরতি একতরফা। গাজায় আমাদের নিরীহ মানুষদের হত্যাযজ্ঞের ঘটনা থেকে দৃষ্টি অন্যদিকে সরাতে তারা এ ঘোষণা দিয়েছে। আমরা তাদের বিশ্বাস করি না। আমাদের লোকজনকে বলছি সর্বোচ্চ সতর্ক থাকতে।’
এদিকে আগের দিন রাফায় জাতিসংঘের আশ্রয়শিবিরে বোমাবর্ষণের ঘটনা সম্পর্কে ইসরায়েল গতকাল বলেছে, হামাসের তিনজন যোদ্ধা একটি মোটরসাইকেলে করে ওই আশ্রয়শিবিরের দিকে যাচ্ছিল। তাদের লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়।
কিন্তু ওই হামলাকে ‘চরম নিষ্ঠুরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি বলেছেন, ‘এ পাগলামি অবশ্যই বন্ধ করতে হবে।’
কিন্তু ইসরায়েলের এ ‘পাগলামি’ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মিসরের মধ্যস্থতায় কায়রোয় একটি যুদ্ধবিরতির চেষ্টা চলছে ঠিকই। কিন্তু হামাসের প্রতিনিধিরা সেখানে গেলেও কোনো প্রতিনিধি পাঠায়নি ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল এক বিবৃতিতে আগের দিন জাতিসংঘের আশ্রয়শিবিরে হামলার জন্য শুধু ‘দুঃখ’ প্রকাশ করেছেন। বলেছেন, নিরীহ সাধারণ মানুষের ওপর এ ধরনের হামলার ঘটনা ঘটছে ‘ভুলক্রমে’।
গাজায় ইসরায়েল ‘ভুলক্রমে’ যা করছে, তাকে সুপরিকল্পিত হত্যাযজ্ঞ হিসেবে অভিহিত করে এ জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার নিন্দা করেছে ইরান। তেহরানে জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ফিলিস্তিনবিষয়ক কমিটির এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘শিশুঘাতক বাহিনীর বর্বর এ আগ্রাসন চলছে খুবই সুপরিকল্পিতভাবে। তারা ফিলিস্তিনের মানুষকে নিশ্চিহ্ন এবং বাড়িঘর, বিদ্যালয়, হাসপাতাল ও মসজিদসহ সব স্থপনা গুঁড়িয়ে দিতে চায়।’ কিন্তু ইহুদিবাদীদের মানবতাবিরোধী এ অপরাধ থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে নিরাপত্তা পরিষদ কিছুই করছে না বলে জানান ইরানি প্রেসিডেন্ট। তিনি এর নিন্দা জানান।
আর ফ্রান্স বলেছে, ইসরায়েল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে বেসামরিক নাগরিকদের ওপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা অন্যায্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস গতকাল এক বিবৃতিতে প্রশ্ন তোলেন, ‘গাজার আর কত মানুষ মরলে সেখানকার হত্যাযজ্ঞ বন্ধ হবে?’
গাজা থেকে হামাসের রকেট ছোড়া বন্ধ করা ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে গত ৮ জুলাই অভিযান শুরু করে ইসরায়েল।