গাজায় যুদ্ধবিরতির চেষ্টা ব্যর্থ, রক্তপাত ফের শুরু
গাজায় রক্তপাত থামাতে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মিসরের রাজধানী কায়রোতে আলোচনা অসমাপ্ত রেখে দেশে ফিরে গেছেন ইসরায়েল ও গাজার শাসকগোষ্ঠী হামাসের প্রতিনিধিরা। ফলে মঙ্গলবার রাত ১২টার পর থেকে গাজায় যুদ্ধবিরতি বলে কিছু নেই।
এদিকে অস্ত্রবিরতি কার্যকর থাকা অবস্থায় মঙ্গলবার দিনের বেলায় ইসরায়েল গাজায় যে বিমান হামলা শুরু করেছিল গতকাল বুধবারও তা অব্যাহত ছিল। দুই দিনের ওই হামলায় নিহত হয়েছেন ১৯ জন। অন্যদিকে গাজা থেকে ইসরায়েলের ভেতরে শতাধিক রকেট ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে দেশটি। খবর রয়টার্স ও এএফপির।
একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির জন্য মিসরের মধ্যস্থতায় উভয় পক্ষকে আলোচনায় বসার সুযোগ দিতে গত ১০ দিন গাজা মোটামুটি শান্ত ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো আপসে পৌঁছাতে না পেরে মঙ্গলবার রাতেই কায়রো ছাড়েন দুই পক্ষের প্রতিনিধিরা। এর আগে মঙ্গলবার দিনের বেলায়ই অবশ্য গাজায় বিমান হামলা শুরু করেছিল ইসরায়েলি বাহিনী। তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, গাজা থেকে রকেট ছুড়ছে হামাস। মূলত বিমান হামলা শুরুর পরই যুদ্ধবিরতির আশা শেষ হয়ে যায়। মঙ্গলবার থেকে গতকাল বুধবার পর্যন্ত গাজায় ৯২ দফা বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে।
গাজা শাসনকারী ইসলামপন্থী সংগঠন হামাস এবং স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে এসব ইসরায়েলি হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন হামাসের সামরিক কমান্ডার দেইফের স্ত্রী উইদাদ দেইফ এবং সাত মাস বয়সী ছেলে আলীও।
দেইফকে হামাসের ভূ-গর্ভস্থ বাংকার নির্মাণের মাধ্যমে পরিচালিত সামরিক তৎপরতার মূল পরিকল্পনাকারী হিসেবে মনে করা হয়ে থাকে। গাজা সিটিতে অবস্থিত তাঁর বাড়িটি লক্ষ্য করে মঙ্গলবার রাতে বোমা ফেলে ইসরায়েলি যুদ্ধবিমান। গতকালও বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে দেইর আল-বালাহ এলাকায় এক হামলাতেই নিহত হন সাতজন, যাঁদের মধ্যে একজন গর্ভবতী নারী এবং তিনটি শিশুও রয়েছে বলে জানান গাজার জরুরি বিভাগের মুখপাত্র আশরাফ আল-কুদরা। এ নিয়ে গত ৮ জুলাই গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত দুই হাজার ৩৬ জন ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে বলে জানায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া এই সংঘাতে বাড়িঘর ছাড়া হয়েছে চার লাখ ২৫ হাজার লোক।
ইসরায়েল ‘নরকের দজা’ খুলে দিয়েছে এমন অভিযোগ করে হামাস মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই ইসরায়েলের ভেতরে রকেট নিক্ষেপ শুরু করে। এই সময়ের মধ্যে গাজা থেকে ফিলিস্তিনিরা ১৩৭টি রকেট ছুড়েছে। এগুলোর বেশির ভাগই পড়েছে দক্ষিণ ইসরায়েলে। কিছু রকেট তেল আবিব এবং জেরুজালেমেও পতিত হয়। তবে বেশির ভাগই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থা আয়রন ডোম প্রতিহত করে। রকেটের আঘাতে ইসরায়েলের কেউ হতাহত হওয়ার কবর পাওয়া যায়নি।