গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বিমান হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজায় গতকাল বৃহস্পতিবার থেকে পাঁচ দিনের নতুন যুদ্ধবিরতি শুরু হলেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আল-জাজিরার।
বুধবার মধ্যরাতে তিন দিনের যুদ্ধবিরতি শেষ হয়। মিসরের মধ্যস্থতায় দীর্ঘমেয়াদি একটি যুদ্ধবিরতির জন্য কায়রোতে আলোচনা চলছিল। সেখানেই বুধবার রাতে নতুন করে পাঁচ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়।
কায়রোতে ফিলিস্তিনের কর্মকর্তারা ওই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ইসরায়েলি একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইসরায়েল পাঁচ দিনের যুদ্ধবিরতি মেনে নিয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে গতকাল জানানো হয়, হামাস ইসরায়েল লক্ষ্য করে রকেট ছুড়ে শুরুতেই পাঁচ দিনের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তার জবাব দিতেই ইসরায়েল গাজার বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।