গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত করেছে ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিন-শাসিত গাজায় আশ্রয়শিবির হিসেবে ব্যবহৃত জাতিসংঘ পরিচালিত তিনটি স্কুলে বোমা হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ অভিযোগ তোলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
ইসরায়েলের অভ্যন্তরে গাজার শাসকগোষ্ঠী হামাসের রকেট ছোড়া বন্ধ করার অজুহাতে গত জুলাই-আগস্টে এই উপত্যকায় এক বর্বরতম স্থল, বিমান ও নৌ অভিযান চালায় ইসরায়েল। এ সময় নির্বিচারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও জঙ্গি বিমান থেকে ফেলা বোমায় প্রাণ হারায় দুই সহস্রাধিক ফিলিস্তিনি। যাদের অধিকাংশই ছিল নিরীহ নারী ও শিশু। খবর রয়টার্স ও হিন্দুস্তান টাইমসের।
ইসরায়েল ও হামাসের মধ্যে টানা এক মাস ২০ দিন ধরে চলা সংঘাতের ওপর এই প্রথম বিশদ আকারে তথ্য-প্রমাণ প্রকাশিত প্রতিবেদনটিতে তুলে ধরেছে নিউইয়র্কভিত্তিক ওই সংগঠন। গত ২৬ আগস্ট এক যুদ্ধবিরতি চুক্তির ফলে আপাতত শান্তি ফিরে এসেছে রক্তাক্ত গাজায়।
প্রতিবেদনে বলা হয়, ‘গৃহহীন মানুষের আশ্রয়শিবির হিসেবে ব্যবহৃত গাজার স্কুলগুলোতে ইসরায়েলের তিনটি হামলায় বহু বেসামরিক ফিলিস্তিনি হতাহত হয়েছে। এ হামলা সমর আইনের লঙ্ঘন।’