গাজায় যুদ্ধে কেউই জেতেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় এখন যুদ্ধবিরতি চলছে। গতকাল বুধবার যুদ্ধবিরতির দ্বিতীয় দিন পার হয়েছে। এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে ইসরায়েলের নির্বিচার অভিযানের এটাই যে শেষ নয়, তা নিয়ে কোনো সংশয় নেই। কয়েক মাস বা বছর পর গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ আবার ফিরে আসবে।
প্রায় মাসব্যাপী ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনি সংকটের মৌলিক কোনো পরিবর্তন আসেনি। রক্তাক্ত এই অভিযানে কোনো পক্ষই যে জয়ী হয়নি, তাও ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে। ইসরায়েলের ফিলিস্তিনি হত্যাযজ্ঞে নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়েই। এর বিপরীতে ইসরায়েল বলার চেষ্টা করছে, ফিলিস্তিনের কট্টরপন্থী সংগঠন হামাস জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র, রকেটসহ বিভিন্ন ধরনের অস্ত্র মজুত করে রাখে। সেই মজুত ধ্বংস করতে গিয়ে ইসরায়েলি বাহিনী বেসামরিক হতাহত কমিয়ে আনার সর্বোচ্চ চেষ্টাই করেছে।
ইসরায়েলি বাহিনীর এই ‘সর্বোচ্চ চেষ্টার’ কথা মানবে না কেউ। গাজায় ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি সামরিক দিক থেকে হামাস ও ইসরায়েল—দুই পক্ষের জন্যই কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরেছে। হামাসসহ ফিলিস্তিনি অন্য সংগঠনগুলো এর আগেও ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াইয়ের শিক্ষা পেয়েছে। হামাসের যোদ্ধারা সুপ্রশিক্ষিত ও ভালোভাবে প্রস্তুত ছিল। তাদের প্রথাগত অস্ত্র দূরপাল্লার রকেট। কিন্তু এই রকেট হামাসের আশানুরূপ কার্যকারিতা দেখাতে পারেনি। বিপরীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা—আয়রন ডোম এই রকেটের বিরুদ্ধে দারুণ সফল।
গাজা অভিযানে ইসরায়েল শিখেছে, প্রতিপক্ষের সামরিক স্থাপনা জনবহুল এলাকায় হলে সামরিক শক্তির সর্বাত্মক ব্যবহার সীমিত হয়ে পড়ে। ইসরায়েল গাজায় শক্তি ব্যবহার সীমিত না করায় বেসামরিক হতাহত বেড়েছে, যা আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছে।
অন্যদিকে হামসের গত কয়েক বছরে তার কার্যকর অস্ত্র রকেট প্রায় অকার্যকর করে ফেলেছে ইসরায়েল। আর সুড়ঙ্গগুলো ধ্বংস করে হামাসের কৌশলগত চলাচলও সীমিত করে ফেলেছে। এখন হামাসকে অন্য কৌশল ভাবতে হবে। পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহারের দাবির বিষয়টিও বিবেচনা করতে হবে।