গাজায় হামাসের স্থাপনায় ইসরায়েলি বিমানের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকা শাসনকারী ইসলামপন্থী সংগঠন হামাসের চারটি স্থাপনায় গতকাল শনিবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট ছোড়ার কয়েক ঘণ্টার মাথায় এ হামলা হয়। খবর এএফপির।
ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রগুলো বলেছে, ইসরায়েলি বিমানগুলো গতকাল স্থানীয় সময় সকালের দিকে গাজার বেইত হানুন থেকে দক্ষিণে রাফার উত্তরাঞ্চলের মধ্যে অবস্থিত হামাসের কয়েকটি খালি স্থাপনাকে লক্ষ্যবস্তু করে। স্থাপনাগুলো ধ্বংস হলেও কেউ হতাহত হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এই হামলার লক্ষ্যবস্তু ছিল গাজায় হামাসের দুটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র ও দুটি সামরিক স্থাপনা। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গাজা থেকে উৎপন্ন হওয়া সব হামলার জন্য হামাসই দায়ী।’
ইসরায়েলি এই বিমান হামলার আগে গত শুক্রবার গভীর রাতে গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দুটি রকেট ছোড়া হয়। অবশ্য, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইসরায়েলের সামরিক বাহিনীর ভাষ্যমতে, ২০১৪ সালে গাজায় হামাস-ইসরায়েল সংঘাতের পর থেকে এ পর্যন্ত হামাস-শাসিত গাজা থেকে প্রায় ৩০টি রকেট ছোড়া হয়েছে। সিরিয়া ও ইরাকভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংযোগ থাকা স্থানীয় সুন্নিপন্থী জঙ্গিরা সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলে রকেট ছোড়ার দায় স্বীকার করে। তবে ইসরায়েল এ ধরনের সব ঘটনার জন্যই হামাসকে দায়ী করে আসছে।
পানশালায় হামলা: এদিকে ভূমধ্যসাগরের তীরবর্তী ইসরায়েলি শহর তেলআবিবের একটি পানশালায় একজন বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে দুজন নিহত হয়েছে। গত শুক্রবার রাতের এ হামলায় আহত হয় কমপক্ষে সাতজন।
হামলার কারণ জানা যায়নি। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকারও করেনি। তবে আইএসপ্রধান আবু বকর আল-বাগদাদি ইসরায়েলকে হুমকি দেওয়ার পর এ হামলার ঘটনা ঘটল। গত সপ্তাহে প্রকাশিত এক অডিওবার্তায় আল-বাগদাদি দৃশ্যত ইসরায়েলে হামলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, তাঁর গ্রুপ ফিলিস্তিনিদের কথা এক মুহূর্তের জন্যও ভোলেনি।
গণমাধ্যমের খবরে বলা হয়, হামলাকারী আরব সম্প্রদায়ের। সম্প্রতি এক সেনার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগে ইসরায়েলের উত্তর এলাকার ওই বাসিন্দার কারাদণ্ডও হয়। তবে পুলিশ এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি। হামলায় নিহত দুজনের মধ্যে ওই পানশালার ব্যবস্থাপকও রয়েছেন। তাঁর নাম অ্যালন বাকাল। নিহত আরেকজনের নাম শিমন রুইমি। তিনি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের মুখপাত্র মিকি রজেনফেল্ড সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, পুলিশ তেলআবিবে তল্লাশি চালিয়ে যাচ্ছে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।