গাজায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ৭২ ঘণ্টার একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার স্থানীয় সময় রাত ১০টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়েছে।
প্রথম এক ঘণ্টার মধ্যে ইসরায়েল বা হামাসের পক্ষ থেকে কোনো হামলা-পাল্টাহামলার খবর পাওয়া যায়নি।
সর্বশেষ দফার এই যুদ্ধবিরতি গাজায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীদের সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
এর আগে ফিলিস্তিনিরা হুমকি দিয়ে বলেছিলেন, মিসরের মধ্যস্থতায় কায়রোয় চলা আলোচনায় ইসরায়েল গতকালের মধ্যে না ফিরলে তাঁরা এ স্থান ছেড়ে চলে যাবেন।
ইসরায়েলও বলেছিল, গাজা থেকে রকেট ছোড়া বন্ধ না হলে তাদের প্রতিনিধিরা আলোচনায় ফিরবেন না। পরে উভয় পক্ষ আকস্মিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়।
মধ্যস্থতাকারী দেশ মিসর বলেছে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে উভয় পক্ষের কাছ থেকে যুগপত্ সম্মতি পাওয়া গেছে।
ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির লক্ষ্যে মিসরের দেওয়া প্রস্তাবটি তাঁরা গ্রহণ করেছেন।
ইসরায়েলের কর্মকর্তারা জানান, যুদ্ধবিরতি কার্যকর হলে আজ সোমবার তাঁরা কায়রোতে মধ্যস্থতাকারী পাঠাবেন।
কায়রোতে হামাসের এক মধ্যস্থতাকারী বার্তা সংস্থা রয়টার্সকে যুদ্ধবিরতি গ্রহণের বিষয়ে তাঁদের ইতিবাচক প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন।
এই যুদ্ধবিরতিতে দুই পক্ষের সম্মতি জানানোর আগে ৭২ ঘণ্টার আরও একটি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় গত শুক্রবার সকালে। মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল গাজায় প্রচণ্ড বিমান হামলা শুরু করে।
গাজায় গত ৮ জুলাই থেকে শুরু হওয়া ইসরায়েলের বর্বর হামলায় প্রায় দুই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। হতাহত ব্যক্তিদের অধিকাংশই বেসামরিক নাগরিক।