গাদ্দাফির ছেলে সাইফের মৃত্যুদণ্ড

ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিসহ লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ঘনিষ্ঠ আট সহযোগীকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
এঁদের মধ্যে তৎকালীন গাদ্দাফি সরকারের প্রধানমন্ত্রী বাগদাদী আল মাহমুদি ও গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল সেনুসিও রয়েছেন। এছাড়া গাদ্দাফি সরকারের আট কর্মকর্তাকে যাবজ্জীবন এবং অন্য সাতজনকে ১২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১১ সালে বিদ্রোহের সময় সংঘটিত অপরাধে আজ মঙ্গলবার আদালত এই রায় ঘোষণা করেন। এতে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে সাইফ তাঁর রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলে বিবিসির এক খবরে বলা হয়েছে। রায় ঘোষণার সময় সাইফ আদালতে উপস্থিত ছিলেন না। সাবেক এক বিদ্রোহী গ্রুপ দেশের জিনতান শহর থেকে তাঁকে বন্দী করলেও বিচারের জন্য হস্তান্তর করতে অস্বীকার করে। আন্তর্জাতিক অপরাধ আদালতও যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সাইফকে খুঁজছে।
এ মামলার কৌঁসুলিরা বলেন, ‘যেকোনো উপায়ে বিদ্রোহীদের দমন করতে হবে’ গাদ্দাফির এই দমন নীতির বাস্তবায়নে সাইফ সহযোগী ছিলেন।