গাদ্দাফির ছেলে সাইফের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফ আল-ইসলাম গাদ্দাফি
সাইফ আল-ইসলাম গাদ্দাফি

ক্ষমতাচ্যুত হয়ে বিদ্রোহীদের হাতে নিহত লিবীয় স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিসহ নয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ত্রিপোলির একটি আদালত। ২০১১ সালে গাদ্দাফি সরকারকে উৎখাতের সময় করা যুদ্ধাপরাধের দায়ে তাঁদের এই সাজা দেওয়া হয়। খবর বিবিসির।
গতকাল মঙ্গলবার রায় ঘোষণার সময় সাইফ আদালতে উপস্থিত ছিলেন না। দেশটির সাবেক একটি বিদ্রোহী গোষ্ঠী সাইফকে পাহাড়ি অঞ্চলের জিনতান শহরে বন্দী করে রেখেছে। গোষ্ঠীটি তাঁকে সরকারি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। রাজনৈতিক সংস্কারের দাবিতে এ রকম বেশ কয়েকটি গোষ্ঠীর সশস্ত্র বিদ্রোহ ও তাদের সমর্থনে ন্যাটোর বিমান হামলার পরিণতিতে ক্ষমতাচ্যুত হন গাদ্দাফি।
সরকারি কৌঁসুলিরা দাবি করেন, একনায়ক গাদ্দাফির বিরুদ্ধে সাধারণ নাগরিকেরা প্রতিবাদ করলে, তাঁদের অপহরণ ও গুম খুন করা হতো। গাদ্দাফির এই পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখতেন তাঁর ছেলে সাইফ। তবে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ তাঁকে দেওয়া হবে।
সাইফ আল-ইসলামের বিরুদ্ধে বিলাসবহুল গাড়ির কয়েক শ গাড়ির বহর রাখাসহ ব্যাপক ভোগ-বিলাসের অভিযোগও ছিল।
মৃত্যুদণ্ড পাওয়া অন্যদের মধ্যে গাদ্দাফির শাসনামলের সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল-সেনুসি ও সাবেক প্রধানমন্ত্রী বাদগাদী আল-মাহমুদি ও ছয়জন সাবেক শীর্ষ কর্মকর্তা রয়েছেন। আদালত ফায়ারিং স্কোয়াডে তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করার নির্দেশ দিয়েছেন।
গত বছর সাইফের মামলার শুনানি শুরুর পর থেকে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, লিবিয়ার বিচার বিভাগ নিরপেক্ষ নয়। তাই আসামিরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন।