গাড়িচোর ঠেকাতে...

আফগানিস্তানের রাজধানী কাবুলে পুলিশি টহল চলছে। দেশটির নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে পরিচিত ব্যক্তিদের কাছে চট করে মনে হবে, জঙ্গি ধরতেই বুঝি এই তৎপরতা।
চিন্তাটা অস্বাভাবিক নয়। তবে এ ক্ষেত্রে ঘটনাটি ভিন্ন। এই পুলিশি টহলের লক্ষ্য গাড়ি চুরি ঠেকানো।
গাড়ি চুরি ঠেকাতে আফগান পুলিশ অভিনব এক কৌশল নিয়েছে। পার্ক করে রাখা গাড়ির চাকার বাতাস ছেড়ে দিচ্ছে তারা।
পুলিশের যুক্তি, চাকার বাতাস ছেড়ে দিলে গাড়ি সরানো যাবে না। আর এ অবস্থায় চোরও গাড়ি নিতে পারবে না।
কাবুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ফেরাইদুন ওবায়দি বলেন, উন্মুক্ত স্থানে গাড়ি পার্ক না করার জন্য নগরবাসীকে বিনীত অনুরোধ করছে পুলিশ। কথা কানে না তুললে চূড়ান্ত পদক্ষেপ হিসেবে তাদের পার্ক করে রেখে যাওয়া গাড়ির চাকার বাতাস ছেড়ে দেয় পুলিশ।
পুলিশ কর্মকর্তা ওবায়েদি বলেন, উন্মুক্ত স্থানে গাড়ি রাখা মানে চোরকে চুরির সুযোগ দেওয়া। কিন্তু চাকার বাতাস ছেড়ে দিয়ে চোর ও সন্ত্রাসীদের থেকে গাড়ি রক্ষা করছে পুলিশ।
তালেবান, আইএসের মতো জঙ্গিদের মোকাবিলায় আফগান সরকারকে হিমশিম খেতে হচ্ছে। এ ছাড়া অন্যান্য অপরাধ তো আছেই। সার্বিকভাবে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব নাজুক। সীমিত সম্পদ দিয়ে ব্যাপকভিত্তিক অপরাধ সামাল দেওয়ার বিষয়টি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ-জুলাইয়ের মধ্যে কাবুলের সড়ক থেকে প্রায় ৩০০ গাড়ি চুরি গেছে। এই সংখ্যা অবশ্য গত বছরের একই সময়ের তুলনায় কম। কিন্তু তারপরও সংখ্যাটা বেশ উদ্বেগের।
কাবুল পুলিশের আরেক কর্মকর্তা কবির আহমেদ বারমাক বলেন, ব্যক্তিগত বা সংঘবদ্ধভাবে গাড়ি চুরির কাজটি হয়। ফাঁকা রাস্তায়, বিশেষ করে রাতের বেলায় কেউ গাড়ি পার্ক করে রেখে গেলে চোর তা নিয়ে যায়। তারা গাড়ির যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেয়। গাড়ি চুরির এই সমস্যা সামাল দিতে পুলিশকে তার মূল্যবান সম্পদ কাজে লাগাতে হচ্ছে।
কাবুল পুলিশের ভাষ্য, আগে তারা গাড়ির চাকা চিরে দিত। এখন তারা গাড়ির চাকার বাতাস ছেড়ে দেয়।
নাম প্রকাশ না করে পুলিশের এক কর্মকর্তা বলেন, চোর ওত পেতে থাকে। আর লোকজন গাড়ি রেখে চলে যায়। এ অবস্থায় গাড়ি চুরি ঠেকাতে চাকার বাতাস ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো উপায়।
অনেকটা বিজয়ীর হাসি হেসে পুলিশের এই কর্মকর্তা বলেন, কৌশলটি কাজে দিচ্ছে। আগের চেয়ে এখন কমসংখ্যক লোক তাঁদের গাড়ি সড়কে রেখে যান।
গাড়ির চাকার বাতাস ছেড়ে দেওয়ার কৌশল নিয়ে কাবুল পুলিশ আত্মতুষ্টিতে ভুগলেও এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ। তাদের নানান ঝামেলা পোহাতে হচ্ছে। গুনতে হচ্ছে খরচ।
আকবর নামের এক ব্যক্তি বলেন, পুলিশ সেবার বদলে ক্ষতি করছে। চোর ঠেকাতে গাড়ির চাকা পাংচারের বিষয়টি ঠিক নয়।