গাড়িবোমা হামলায় নিহত তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুর্দি-অধ্যুষিত দক্ষিণ-পূর্ব তুরস্কের একটি থানায় গাড়িবোমা হামলায় পুলিশের তিন কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। সিরিয়া সীমান্তের কাছে মিদ্দাত শহরে গতকাল বুধবার এ হামলা হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাতোলিয়ায় এ হামলার জন্য নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করা হয়েছে। দেশটির বেসরকারি টেলিভিশন এনটিভির খবরে বলা হয়, গতকালের বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়া হয়। তবে তখনো থানার ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে দেখা যায়। হামলায় আশপাশের বাড়িঘরের দরজা-জানালার কাচ ভেঙে যায়। ইস্তাম্বুলে এক হামলায় ১১ জন নিহত হওয়ার এক দিন পরই এ হামলা হলো। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ হামলার জন্য কুর্দি জঙ্গিদের দায়ী করেছেন। তবে এ হামলার দায় স্বীকার করেনি কেউ। এরই মধ্যে তুরস্কের বিভিন্ন শহরে একাধিকবার হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী। সরকারও তাদের দমন করতে অভিযান চালিয়েছে বিভিন্ন এলাকায়। এএফপি