গিউন-হেকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ায় সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছেন দেশটির প্রসিকিউটররা।

আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট থাকাকালে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গিউন-হেকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারির জন্য ওই আবেদন জানানো হয়েছে।

আজ প্রসিকিউটরদের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গিউন-হের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুতর।

প্রসিকিউটরদের যুক্তি, গিউন-হেকে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তথ্য-প্রমাণ নষ্ট করে ফেলতে পারেন।

পার্কের বিরুদ্ধে অভিযোগ, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে চাপ দিয়ে কিছু নীতি বাস্তবায়নের উদ্যোগে অনুদান বা ঘুষ নিয়েছেন তিনি। আর এ কাজে তাঁকে সহযোগিতা করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু চোই সুন-সিল।

পার্ক ও তাঁর বন্ধু এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

গিউন-হেকে সম্প্রতি দেশটির সাংবিধানিক আদালত বরখাস্ত করেন। দুর্নীতির কেলেঙ্কারির জেরে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব পাস হওয়ার পর দীর্ঘ শুনানি শেষে আদালত ওই রায় দেন।

প্রেসিডেন্ট থাকাকালে বিচার থেকে দায়মুক্তির আওতায় ছিলেন গিউন-হে। কিন্তু বরখাস্ত হওয়ার পর দায়মুক্তির সুবিধা হারিয়েছেন তিনি। সর্বোচ্চ আদালতের রায়ের ফলে গিউন-হের বিরুদ্ধে মামলা দায়ের এবং তদন্ত করার পথ প্রশস্ত হয়েছে।

দুর্নীতির অভিযোগের বিষয়ে গত সপ্তাহে গিউন-হেকে দেশটির প্রসিকিউটরের কার্যালয়ে দীর্ঘ ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রসিকিউটরের কার্যালয়ে যাওয়ার আগে গিউন-হে জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন।