গির্জাতেই আশ্রয়, গির্জাতেই নামাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজা উপত্যকার বাসিন্দা মাহমুদ খালাফের কাছে এটা এক অদ্ভুত অভিজ্ঞতা। খ্রিষ্টান সম্প্রদায়ের প্রার্থনালয় গির্জায় নামাজ আদায় করতে হচ্ছে তাঁকে। কোনো উপায়ও নেই। গাজায় ইসরায়ে​লি বিমান হামলা শুরু হওয়ার পর বাড়িঘর ছেড়ে একটি গির্জাতেই আশ্রয় নিয়েছেন তিনি। খবর এএফপির।

২৭ বছর বয়সী খালাফ কখনো চিন্তাও করেননি, তাঁকে গির্জায় নামাজ আদায় করতে হবে। অবশ্য খ্রিষ্টানরাও এ ক্ষেত্রে সহযোগিতা করছেন। ভিন্ন ধর্মের অনুসারী হয়েও তাঁরা মুসলিমদের নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। খালাফ বলেন, ‘খ্রিষ্টানরা আমাদের ভাই হয়ে গেছে। গত রাতে আমরা (মুসলিম) সবাই একসঙ্গে নামাজ আদায় করেছি। এখানে দুই সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক ভালোবাসা তৈ​রি ​হয়েছে।’

গাজা শহরের সেন্ট প্রোফাইরাস চার্চ প্রাঙ্গণে দর্শনার্থীদের ‘আসসালামু আলাইকুম’ বলে স্বাগত জানাচ্ছেন খ্রিষ্টান স্বেচ্ছাসেবীরা। গাজার বাস্তুচ্যুত বহু মানুষ এখন ওই গির্জার শরণার্থী শিবিরে ঠাঁই নিয়েছে। খালাফের বাড়ি শাফ এলাকায়। সেখানে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে। আরও প্রায় পাঁচ শ মুসলিমের সঙ্গে গির্জাটির ভেতরে থাকছেন তিনি। খালাফ বলেন, ‘খ্রিষ্টানরা আমাদের এখানে আশ্রয় দিয়েছে। আমাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের ধন্যবাদ জানাই।’

খ্রিষ্টান স্বেচ্ছাসেবী তৌফিক খাদের বলেন, ‘আমাদের দরজা সবার জন্য খোলা। যিশু বলেছেন, কেবল পরিবারের সদস্য ও সহকর্মীদের নয়, প্রতিবে​শীকেও ভালোবাসো, তারা মুসলিম, হিন্দু, ইহুদি যে ধর্মের অনুসারীই হোক।’

খালাফের মতো আরও অনেকেই এই রমজান মাসে গির্জায় নামাজ পড়ছেন কোনো উপায়ান্তর না থাকায়। তবে তাদের খুব বেশি সমস্যা হচ্ছে না। কারণ, গির্জার যাজক ও অন্য বাসিন্দারা তাঁদের মুসলিম অতিথিদের ধর্মকর্মের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। খালাফ বলেন, স্থানীয় খ্রিষ্টানরা রোজা না রাখলেও দিনে প্রকাশ্যে খাওয়া-দাওয়া এড়িয়ে চলছেন।