গুণী কারুশিল্পীর অভাব নেপালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঠমান্ডুর উপকণ্ঠে ভক্তপুরে কারুশিল্পী ইন্দ্র কাজি (ডানে) তাঁর ছেলে ইন্দ্র প্রসাদকে ভাস্কর্য তৈরির কাজ শেখাচ্ছেন l এএফপি
কাঠমান্ডুর উপকণ্ঠে ভক্তপুরে কারুশিল্পী ইন্দ্র কাজি (ডানে) তাঁর ছেলে ইন্দ্র প্রসাদকে ভাস্কর্য তৈরির কাজ শেখাচ্ছেন l এএফপি

নেপালের ঐতিহাসিক শহর ভক্তপুরের এক কর্মশালায় নিপুণভাবে কাঠের ওপর খোদাই করে চলেছেন ইন্দ্র কাজি শিল্পকার। কাজ করছেন ১৭ শতাব্দীর তিন স্তরবিশিষ্ট কাঠের প্যাগোডা পুনর্নির্মাণে। তিনি নেপালের দক্ষ কারুশিল্পীদের একজন। ছেলেবেলায় বাবা ও চাচার হাত ধরে এ কাজ শেখা তাঁর। কিন্তু এখন তাঁর মতো মাস্টার কারুশিল্পী পাওয়াই ভার। তিনি তাঁর বংশের জীবিত একমাত্র কারুশিল্পী।
একসময় কাঠমান্ডু উপত্যকার কাঠ, পাথর ও ধাতবের গড়া চমৎকার সব মন্দির ও প্রাসাদের কারুশিল্পীদের গতিবিধি ছিল চীন পর্যন্ত। সে সময়ে রাজ কোষাগার থেকে উদারভাবে পারিশ্রমিকও দেওয়া হতো তাঁদের। কিন্তু বিগত কয়েক দশক ধরে কারুশিল্প থেকে কারিগরদের আয় কমার পাশাপাশি কমেছে সামাজিক মর্যাদাও। ফলে পারিবারিকভাবে পেয়ে আসা জীবিকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তরুণেরা।
গত ২৫ এপ্রিলে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় নয় হাজার লোকের প্রাণহানি এবং পাঁচ লাখের মতো বাড়িঘর ধ্বংস হয়েছিল। সে সময়ে দেশটির সাংস্কৃতিক ঐতিহ্যও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নতুন করে সেগুলো মেরামতের কথা ভাবাও হচ্ছে। তবে গুণী কারিগরের অভাব প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ফলে বিলীয়মান এই দক্ষতা ধরে রাখতে উদ্যোগ নেওয়ার কথা বলছেন অনেকে।
নেপালের কাঠমান্ডু উপত্যকার বেশির ভাগ প্রাসাদ ও মন্দির ১২ শতাব্দী থেকে ১৮ শতাব্দীর মধ্যবর্তী সময়ে নির্মিত। সে সময় বিশ্ব ঐতিহ্যের এ এলাকাটি কাঠমান্ডু, পাতান ও ভক্তপুর এই তিন রাজ্যে বিভক্ত ছিল। এপ্রিলের ওই ভূমিকম্পে কাঠমান্ডু উপত্যকার শতবর্ষ পুরোনো স্থাপত্যশিল্প ক্ষতিগ্রস্ত হয়। এর পুনর্নির্মাণের প্রসঙ্গ উঠতেই দেখা দেয় দক্ষ কারিগরের আকালের সমস্যাটি। আর সমস্যাটি তীব্রতর হওয়ার পেছনে উপত্যকার কেবল ‘নেওয়ার’ নৃগোষ্ঠীর কিছু পরিবারের হাতে এ শিল্প টিকে থাকাকেও দায়ী করা হয়।
এর মধ্যে ভূমিকম্পে বিধ্বস্ত স্থাপত্যশিল্প পুনর্নির্মাণের কাজ বৃষ্টিপাত ও ৪ দশমিক ১ বিলিয়ন ডলারের মার্কিন তহবিল রাজনৈতিক সংকটে আটকে থাকার কারণে পিছিয়েও যায়।
এদিকে, পর্যটকদের আকৃষ্ট করতে গত জুনে দেশটির সরকার সাবেক তিনটি দরবার (রাজকীয়) স্কয়ার পুনরায় খুলে দেয়। আর তা করা হয় স্থাপত্যের ক্ষতি হওয়ার ইউনেসকোর আশঙ্কা উপেক্ষা করেই।
গড়নে হালকা-পাতলা ও স্বল্পভাষী ইন্দ্র কাজি শিল্পকার (৫২) বললেন, ‘নেপালে আমাদের যথেষ্ট সম্মান নেই, আমরা কারুশিল্পী নই, বরং শ্রমিক হিসেবে বিবেচিত। আয়ও কম।’ তাঁর চাচার পরিবার লাভজনক আসবাবপত্রের ব্যবসায় ঝুঁকেছেন। তাঁর মতে, ‘নতুন প্রজন্মের অনেকেই অন্য কাজ, বিশেষ করে অফিসের কাজ করতে চায়।’
যদিও ‘নেওয়ার’দের কাঠ, পাথর ও ব্রোঞ্জের শিল্পনৈপুণ্য সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করে জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউনেসকো। ইউনেসকোর ঐতিহ্য বিশেষজ্ঞ কাই ওয়াইস বলেন, কারুশিল্পীদের গুরুত্ব অনুধাবন করে সরকার যাতে এ বিষয়ে কিছু ব্যবস্থা নেয় সে চেষ্টা করা হচ্ছে। নতুন কারিগরদের প্রশিক্ষণের জন্য মাস্টার কারিগর খোঁজা প্রয়োজন বলেও মত দেন তিনি।
সূত্র: এএফপি।