গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও ফল আসেনি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সঙ্গে পাঁচ বিশ্বশক্তির রাতভর চলা পারমাণবিক আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে। তবে এখনো চূড়ান্ত কোনো ফল আসেনি।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, সুইজারল্যান্ডের লুজান শহরে চলা এ আলোচনার এক ফাঁকে আজ বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ সাংবাদিকদের এ কথা বলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে এখনো চূড়ান্ত কোনো ফলাফল নেই। ছয় বিশ্বশক্তিকে আলোচনার ফলাফল পর্যালোচনা করে দেখতে হবে। আমরা এখনো আলোচনার ফলাফল কী তা জানি না।’ তিনি বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে এ বিষয়ে উচ্চ পর্যায়ের কৌশলগত বিভিন্ন দিক ও জটিল বিষয়গুলো গুছিয়ে একটি চূড়ান্ত চুক্তি তৈরি করাই হবে সবচেয়ে কঠিন কাজ।’

সময়সীমার মধ্যে একটি রূপরেখা চুক্তির বিষয়ে সমঝোতা না হওয়ায় ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে চলমান পারমাণবিক বিষয়ের আলোচনা অতিরিক্ত দিনে গড়িয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী ইরানের সঙ্গে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স এবং জার্মানির ৩১ মার্চের মধ্যে একটি রূপরেখা চুক্তি হওয়ার কথা ছিল। এই প্রাথমিক চুক্তির ভিত্তিতে আগামী ৩০ জুনের মধ্যে স্থায়ী চুক্তিতে পৌঁছাতে হবে তাদের। শেষ দিকে এসে বলা হচ্ছিল, সুইজারল্যান্ডের লুজান শহরে চলমান আলোচনায় উভয় পক্ষ একটি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে। তবে তেহরানের ওপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইরানের পারমাণবিক গবেষণার ভবিষ্যতের মতো কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। ফলে আলোচনার সময় এক দিন বাড়ানো হয়। এর আওতায় গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।