গুলশান হামলায় 'ভূমিকা পালনকারী' আদনানি নিহত

গত জুলাইয়ে ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় ‘গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী’ ছিলেন মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান মুখপাত্র আবু মোহাম্মদ আল-আদনানি। ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র পিটার কুক এ কথা বলেছেন।
গতকাল মঙ্গলবার আবু মোহাম্মদ আল-আদনানি সিরিয়ার আলেপ্পোতে মার্কিন হামলায় নিহত হয়েছেন। আইএসের নিজস্ব বার্তা সংস্থা আমাক নিউজ বলছে, আলেপ্পোতে প্রতিরোধযুদ্ধের সময় আদনানি নিহত হয়েছেন।
গুলশানে জঙ্গি হামলায় বিদেশিসহ ২০ জন নিহত হন।
ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, আদনানি কেবল আইএসের মুখপাত্র ছিলেন না, তিনি এর থেকেও অনেক বড় দায়িত্বে ছিলেন। গত কয়েক বছরে প্যারিসে হামলা, ব্রাসেলসে হামলা, বাংলাদেশে রেস্তোরাঁয় হামলা, তুরস্কের ইস্তাম্বুলে জঙ্গি হামলা, আঙ্কারায় সমাবেশে হামলা এবং মিসরের সিনাই এলাকায় রুশ বিমান ভূপাতিত করার ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আদনানি।
আবু মোহাম্মদ আল-আদনানি আইএসের মুখপাত্র ও প্রচারণা-প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আদনানির বিষয়ে তথ্যের জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে মার্কিন সরকার।