গুহায় থাকা অন্যদের উদ্ধারে অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুহার ভেতরে বন্যার পানি ভেঙে আটকে পড়া শিশুদের উদ্ধারে কাজ করছেন থাই নেভির সদস্যরা। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: এএফপি
গুহার ভেতরে বন্যার পানি ভেঙে আটকে পড়া শিশুদের উদ্ধারে কাজ করছেন থাই নেভির সদস্যরা। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: এএফপি

থাইল্যান্ডে গুহার অন্ধকার থেকে বাকি নয়জনকে উদ্ধারে ফের অভিযান শুরু হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে উদ্ধারকারী সদস্যরা গুহায় প্রবেশ করেন বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।

গতকাল রোববার গুহা থেকে চার কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়। অক্সিজেন কমে আসায় ১০ ঘণ্টার জন্য উদ্ধার অভিযান স্থগিত করা হয়। তবে ভারী বৃষ্টির কারণে আবারও পানি বেড়ে যেতে পারে এমন আশঙ্কায় উদ্ধারকারী দল আবারও অভিযানে নামে।

গতকাল রাতভর বৃষ্টি হয়। তাই আশঙ্কা করা হচ্ছে, গুহায় আবার পানি ঢুকে উদ্ধার অভিযানে বাদ সাধতে পারে।

উদ্ধার অভিযানের প্রধান নারংসাক ওসোত্তানাকর্ন বলেন, আজ রাত নয়টা নাগাদ অভিযান শেষ হতে পারে। অভিযানে গতকালের চেয়ে বেশি সদস্য যুক্ত হয়েছে। ‘আজকের আবহাওয়া ও অন্যান্য পরিস্থিতি গতকালের মতোই ভালো। আমরা নিশ্চয়ই শিগগিরই ভালো খবর শুনব।’

বিবিসির জনাথন হেড বলেন, খুব সতর্কতার সঙ্গে অভিযানটি পরিচালিত হচ্ছে। যেসব কিশোরকে উদ্ধার করা হয়েছে, তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকার থাম লুয়াং গুহায় ঢোকার পর গত ২৩ জুন নিখোঁজ হয় ওই ১৩ জন। ১২ জন কিশোরের একজনের জন্মদিন উদ্‌যাপন করতে এবং বেড়াতে তারা সেখানে গিয়েছিল। ১২ কিশোরের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। তাদের সহকারী কোচ এক্কাপোল জানথাওংয়ের বয়স ২৫ বছর। তারা মু পা নামের একটি ফুটবল দলের সদস্য।

থাম লুয়াং গুহায় আটকে পড়া ১৩ জনকে উদ্ধারে গতকাল সকাল থেকে মূল অভিযান শুরু হয়। স্থানীয় সময় রাত প্রায় নয়টা পর্যন্ত অভিযানে চার কিশোরকে গুহা থেকে বের করে আনা হয়। সেখান থেকে তাদের সরাসরি হাসপাতালে নেওয়া হয়।

মিয়ানমারের সঙ্গে সীমান্তের কাছে ১০ কিলোমিটার দীর্ঘ থাম লুয়াং গুহা থাইল্যান্ডের দীর্ঘতম গুহা। চওড়ায় কম হওয়ায় এবং প্রকোষ্ঠ বেশি থাকায় গুহার ভেতরে চলাচল করা কঠিন। ২৩ জুন গুহায় ঢোকার পর ভারী বর্ষণের কারণে সৃষ্ট প্লাবন আর কাদার জন্য প্রায় চার কিলোমিটার ভেতরে আটকা পড়ে ফুটবল দলটি। এর নয় দিন পর ২ জুলাই ব্রিটিশ ডুবুরি রিচার্ড স্ট্যানটন ও জন ভলানথেন তাদের সন্ধান পান। এরপর কর্তৃপক্ষ বলেছিল, ১২ খুদে ফুটবলার আর তাদের কোচকে উদ্ধারে তিন থেকে চার মাস সময় লাগতে পারে। তাদের অবস্থান জানার পর গুহার ভেতরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করার পাশাপাশি পাঠানো হয়েছে খাবার ও চিকিৎসা সরঞ্জাম।