গুয়ানতানামোর ১৫ বন্দী আমিরাতে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুখ্যাত গুয়ানতানামো কারাগারের ১৫ জন বন্দীকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কিউবায় অবস্থিত মার্কিন ওই বন্দীশিবির থেকে সাম্প্রতিক বছরগুলোতে এটি একসঙ্গে সবচেয়ে বেশিসংখ্যক কয়েদি স্থানান্তরের ঘটনা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গত সোমবার এ ঘোষণা দিয়েছে।
১৫ জনকে সরিয়ে নেওয়ার পর গুয়ানতানামোয় অবশিষ্ট রইলেন মাত্র ৬১ জন বন্দী। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে সন্ত্রাসী হামলার পর বিশ্বব্যাপী চালানো মার্কিন ধরপাকড়ে আটক ৭৮০ জনকে ওই কারাগারে রাখা হয়েছিল।
ইউএইতে যে বন্দীদের পাঠানো হয়েছে, তাঁদের ১২ জন ইয়েমেনের নাগরিক। বাকি তিনজন আফগান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য দিয়েছেন।
ইয়েমেনি ওই কয়েদিদের তৃতীয় কোনো দেশে পাঠাতে চেয়ে কিছুটা সমস্যায় পড়েছিল যুক্তরাষ্ট্র। ইয়েমেনে এখন গৃহযুদ্ধ চলছে। পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, গুয়ানতানামো বন্ধ করে দেওয়ার প্রচেষ্টায় মার্কিন আহ্বানে ইউএই মানবিক সাড়া দিয়েছে। এ জন্য যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ।
স্থানান্তরিত সাবেক কয়েদিদের সাধারণত মুক্তি দেওয়া হয়। তবে তাঁদের ওপর কর্তৃপক্ষ নজর রাখে এবং পুনর্বাসনে সহায়তা দিয়ে থাকে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মার্কিন শাখা ওই বন্দী স্থানান্তরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতা ছাড়ার আগে বিতর্কিত ওই কারাগার বন্ধ করে দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন বলে ইঙ্গিত মিলছে।
প্রেসিডেন্ট ওবামা আগামী বছরের শুরুতে দায়িত্ব ছাড়ার আগেই জরুরি ভিত্তিতে গুয়ানতানামো বন্ধ করে দিতে চান। কিন্তু রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা এতে বাধা দিচ্ছেন। তারপরও ওবামা সরকার দু-একজন করে ওই কারাগারের কয়েদি স্থানান্তর প্রক্রিয়া অব্যাহত রাখে। ওবামা দায়িত্ব নেওয়ার পর থেকে মোট ২৪২ জন কয়েদিকে সরানো হয়েছে।
ইউএইতে স্থানান্তরিত একজন আফগান কয়েদির নাম ওবায়দুল্লাহ। তিনি গোপন ভূমিমাইন বহন করছিলেন বলে ২০০১ সালে অভিযোগ আনা হয়। বিনা বিচারে তাঁকে ১৪ বছর ধরে আটকে রাখা হয়।
কিউবার দক্ষিণে অবস্থিত গুয়ানতানামোকে যুক্তরাষ্ট্র তাদের নৌঘাঁটি হিসেবে ব্যবহার করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে সেখানে সন্দেহভাজন সন্ত্রাসীদের বন্দীশিবির চালু করা হয়।