গুয়ামে হামলার প্রথম পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া বলেছে, জাপানের হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে গত মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র নিক্ষেপই শেষ নয়। আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ইঙ্গিত দিয়ে দেশটি বলেছে, মহাসাগরে সামরিক অভিযানের, বিশেষ করে গুয়ামে হামলা চালানোর ‘প্রথম পদক্ষেপ’ ছিল এটি। জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ওই ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

এদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে ক্রমবর্ধমান হুমকির পরিপ্রেক্ষিতে দেশের প্রতিরক্ষাব্যবস্থা আরও জোরদার করতে চাইছে জাপান সরকার। এর অংশ হিসেবে দেশটির মাটিতে ২০২৩ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা অ্যাজিস ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স (বিএমডি) বসিয়ে তার কার্যক্রম শুরু করতে চায় কর্তৃপক্ষ। গতকাল বুধবার উত্তর কোরিয়া বলেছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া প্রতিরোধ করতে মঙ্গলবার ওই অন্তর্বর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইআরবিএম) নিক্ষেপ করা হয়েছে। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন দ্বীপ গুয়ামে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে এটা ‘প্রথম পদক্ষেপ’। দেশটির সংবাদ সংস্থা কেসিএনএ এক খবরে বলেছে, ‘কিম জং-উনের নির্দেশে প্রথমবারের মতো রাজধানী পিয়ংইয়ং থেকেই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। প্রকৃত যুদ্ধের মতো করে এই ব্যালিস্টিক রকেট নিক্ষেপের মহড়া প্রশান্ত মহাসাগরে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর (কেপিএ) অভিযানের প্রথম পদক্ষেপ এবং গুয়ামে হামলা চালানোর অর্থবহ উপলক্ষণ।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁর দেশকে হুমকি দিলে উত্তর কোরিয়াকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে। তাঁর এই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে চলতি মাসের প্রথম দিকে পিয়ংইয়ং গুয়ামে চারটি ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয়।

মঙ্গলবার জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ওই দিনই নিউইয়র্কে বৈঠকে বসে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ। এ বৈঠকে সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাব গৃহীত হয়। সেই সঙ্গে উত্তেজনা নিরসনে উত্তর কোরিয়ার প্রতি তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার এবং সব রাষ্ট্রের প্রতি পিয়ংইয়ংয়ের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরের আহ্বান জানানো হয়। তবে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কোনো প্রস্তাব ওই বৈঠকে করা হয়নি।

নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে চীন ও রাশিয়ার রাষ্ট্রদূতেরা উত্তর কোরিয়ার ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেন এবং দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন স্থগিতের আহ্বান জানান।

উদ্ভূত পরিস্থিতির ব্যাপারে বেইজিংয়ে সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের সঙ্গে কথা বলছে চীন। ঐকমত্যের ভিত্তিতে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়া হবে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ‘হুমকি দিয়ে আর অস্থিতিশীলতা সৃষ্টি করে উত্তর কোরিয়া কেবল আঞ্চলিক ও বৈশ্বিকভাবে একঘরে হয়ে পড়বে। সম্ভাব্য সব পদক্ষেপই বিবেচনার মধ্যে রয়েছে।’

এদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির পরিপ্রেক্ষিতে সৃষ্ট হুমকি ঠেকাতে ২০২৩ সালের মধ্যে নিজের মাটিতে যুক্তরাষ্ট্রের অ্যাজিস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা (বিএমডি) ব্যবস্থা স্থাপন করতে চাইছে জাপান। দুটি সূত্র বলেছে, আপাতত দেশটিকে শক্তিশালী রাডার স্পাই-৬ ছাড়াই প্রতিরক্ষা নিশ্চিত করতে হচ্ছে। প্রচলিত এই ব্যবস্থার পাল্লা স্পাই-৬ রাডার-সংবলিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার চেয়ে কম।

গত মঙ্গলবার উত্তর কোরিয়া হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর থেকে জাপান সতর্ক অবস্থানে রয়েছে।