গৃহবন্দিত্ব থেকে ভোটের কেন্দ্রে
দীর্ঘ ২৫ বছর আগের কথা। ১৯৯০ সালে মিয়ানমারের ইতিহাসে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) পক্ষে বিপুলভাবে রায় দেয় জনগণ। দলটি ৮৫ শতাংশ আসনে জয়ী হয়। কিন্তু সামরিক শাসকেরা সেই ফল মেনে নেননি। খবর এএফপির।
নোবেল পুরস্কার বিজয়ী সু চিকে ওই সময় থেকেই কখনো গৃহে অন্তরীণ, কখনো বা নির্জন কারাবাসে কাটাতে হয়েছে। দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাদের ভাগ্যেও জুটেছে কারাবাস। দেশের মানুষের ওপর অব্যাহতভাবে চলেছে দমন-পীড়ন।
ওই নির্বাচনের ২৫ বছর পর গণতন্ত্রের সংগ্রামী নেত্রী সু চি এখন অন্তরীণ অবস্থা থেকে মিয়ানমারের আরেক ঐতিহাসিক সাধারণ নির্বাচনের ভোটকেন্দ্রে। রাজধানী ইয়াঙ্গুনের একটি ভোটকেন্দ্রে গতকাল রোববার সকালে নিজের ভোটটি দিয়েছেন তিনি। কয়েক সপ্তাহ ধরে তাঁর ক্লান্তিকর প্রচারণায় জনগণের ব্যাপক সাড়া ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আশা করা হচ্ছে, এ নির্বাচন হবে গত কয়েক দশকের সবচেয়ে নিরপেক্ষ।
গতকাল ভোটকেন্দ্রে যাওয়ার পর সত্তর বছর বয়সী সু চির প্রতি গণমাধ্যমকর্মীদেরও ছিল মনোযোগ। নিজের দল এনএলডির সঙ্গে মিলিয়ে তাঁর পোশাকেও ছিল লাল রঙের প্রভাব। সামরিক জান্তার নিষ্পেষণে আর রাজনৈতিক সংগ্রামের ডামাডোলে মোড়ানো ব্যক্তিজীবনে এ নির্বাচন সু চির জন্য এক বিশেষ সন্ধিক্ষণ।
সামরিক জান্তার জবরদস্তিমূলক শাসন-নিপীড়ন অনেকটাই কমে আসে ২০১১ সালে। তখন সু চির প্রায় দুই দশকের অন্তরীণ অবস্থার অবসান হয়। পরের বছর পার্লামেন্টের ৪৫ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে এনএলডির ৪৩ জন প্রার্থী জয়ী হন। আর সু চি হন বিরোধী দলের নেত্রী।
মিয়ানমারের স্বাধীনতা আন্দোলনের নেতা জেনারেল অং সানের কন্যা সু চি গত তিন দশক ধরে চলা সামরিক শাসনের বিরুদ্ধে যে অহিংস গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছেন, তাতে অনেক মূল্য দিতে হয়েছে তাঁকে। তবে বিশ্লেষকেরা মনে করেন, বছরের পর বছর অন্তরীণ থাকা, কারাবাস, রাজপথের সংগ্রাম—এত সবের বিনিময়ে এখন তিনি ভোটকেন্দ্রে গিয়েছেন ঠিক। নির্বাচনে তাঁর দল জয়ীও হতে পারে। কিন্তু তিনি ভালোভাবেই জানেন, জয়ী হলেও দেশের ক্ষমতায় বসার কোনো গ্যারান্টি তাঁর নেই।