গো-কার্টের জনপ্রিয়তায় উদ্বিগ্ন জাপানের পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টোকিওর রাস্তায় ছুটে চলা গো-কার্ট। প্রথম আলো
টোকিওর রাস্তায় ছুটে চলা গো-কার্ট। প্রথম আলো

জাপানের রাজধানী টোকিওতে আজকাল হঠাৎ চোখে পড়ার একটি দৃশ্য হলো, ছোট আকারের একক আসনবিশিষ্ট নিচু মোটরগাড়ির সারিবদ্ধভাবে ছুটে চলা। এসব মোটরগাড়ি গো-কার্ট নামে পরিচিত। ব্যক্তিগত ব্যবহারের গাড়ি এগুলো নয়, বরং কোম্পানি থেকে ভাড়া নিয়ে সামনে চলতে থাকা গাইডের গাড়িকে অনুসরণ করে নির্দিষ্ট পথেই কেবল এগুলো চালানো যায়। 

গাড়ির ইঞ্জিনের শক্তি হচ্ছে ২০ থেকে ৫০ সিসি এবং হেডলাইট ও ইনডিকেটরের মতো মোটরগাড়ির আবশ্যকীয় যন্ত্র এতে যুক্ত থাকে। এই গাড়ি চালানো সহজ হলেও খুব বেশি দ্রুতগতিতে চালানো সম্ভব নয়। এসব গাড়িকে মোটরযান আইনের আওতায় মিনি ভেহিকলের পর্যায়ে পড়ে।

কয়েকটি পর্যটন ব্যবসাপ্রতিষ্ঠান এখন পর্যটকদের আকৃষ্ট করতে এসব গাড়ি ভাড়ায় খাটিয়ে চুটিয়ে ব্যবসা করছে। ব্যবসাকে গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে এসব প্রতিষ্ঠান নিন্তেনদো গো গেমসের সুপার মারিওর মতো জনপ্রিয় বিভিন্ন চরিত্রের পোশাকও ভাড়া দিচ্ছে। এতে বিদেশি পর্যটকদের মধ্যে এ রকম গো-কার্টে টোকিওর পথে ঘুরে বেড়ানো আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
এসব গাড়ি সাধারণত দুই ঘণ্টার জন্য ভাড়া নেওয়া যায়। তবে ভাড়া নির্ভর করে কোম্পানির ওপর। ভাড়া সাধারণত ৬ থেকে ৮ হাজার ইয়েন বা প্রায় ৫০ থেকে ৭০ মার্কিন ডলার পরিশোধ করতে হয়। এর মধ্যে পোশাকের ভাড়াও অন্তর্ভুক্ত থাকে।

তবে জাপানের পুলিশ এখন গো-কার্টের দুর্ঘটনায় নিয়ে বেশ উদ্বিগ্ন। পুলিশ বলছে, মার্চ মাসের শেষ দিকে গো-কার্টের ওপর ট্রাফিক নজরদারি শুরু হওয়ার পর থেকে ১২টি দুর্ঘটনা সম্পর্কে পুলিশ জানতে পারে। এর মধ্যে ১০টি দুর্ঘটনাই ঘটেছে বিদেশি পর্যটকের চালানো গো-কার্টে। সেসব দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ গো-কার্ট কোম্পানিগুলোকে সিটবেল্ট লাগানো ও হেলমেট পরে গাড়ি চালানো বাধ্যতামূলক করাসহ আরও কিছু পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। এসব গাড়ি সারিবদ্ধভাবে চলাচল করার সময় এলাকাজুড়ে শব্দদূষণের অভিযোগ ওঠায় সেদিক থেকেও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।