গোপন ভিডিওতে মসুলে আইএস শাসনের নমুনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরের কিছু বেশি সময় ধরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের শাসনে থাকা মসুল শহরের বাসিন্দাদের জীবনচিত্র পাল্টে গেছে। তাঁদের ওপর চালু হয়েছে কঠোর ‘খিলাফত’ শাসন। চুন থেকে পান খসলেই শহরবাসীর ওপর চলে নির্যাতন। অভিযোগ, জঙ্গিরা সেখানে বহু মসজিদ পর্যন্ত গুঁড়িয়ে দিয়েছে। গোপনে ধারণ করা ভিডিওচিত্রে ধরা পড়েছে এসব চিত্র। খবর বিবিসির।
মসুল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর। সেখানে গত বছরের শেষের কয়েক মাস ধরে ধারণ করা বেশ কয়েকটি ভিডিওচিত্র বিবিসির হাতে এসেছে। এতে অংশ নেওয়া মসুলের বাসিন্দাদের অনেকে বলেছেন, ইসলামি আইন সম্পর্কে আইএস জঙ্গিরা যে কঠোর ব্যাখ্যা দেয় সেটাই মেনে চলতে শহরবাসীকে বাধ্য করা হয়। হানা নামের একজন নারী বলেন, নারীদের পোশাকের বিষয়ে আইএস খুবই কট্টর। মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত কালো কাপড়ে ঢেকে রাখতে হয়।
কয়েকটি ভিডিওচিত্রে দেখা যায়, আইএস জঙ্গিদের আক্রমণের পর মসুলের ধর্মীয় সংখ্যালঘুরা পালিয়ে যায়। একসময় যেসব আবাসিক এলাকায় ছিল সংখ্যালঘুদের বাস, সেগুলো এখন খাঁ খাঁ করছে।
ভিডিওচিত্রে দেখা যায়, মসুলের দখল নেওয়ার পর জঙ্গিরা সেখানে ভিন্ন মতাবলম্বীদের বহু মসজিদ ও মাজার গুঁড়িয়ে দেয়। সেখানে এখন সিগারেট টানার সর্বনিম্ন শাস্তি দোররা। চুরি করলে হাত কেটে নেওয়া হয়। বিভিন্ন বড় অপরাধে ছাদ থেকে ফেলে বা পাথর ছুড়ে মারা হয়। এসব শাস্তি দেওয়া হয় প্রকাশ্যে। স্থানীয় বাসিন্দাদের জোর করে ওই শাস্তি দেখতে বাধ্য করা হয়।
ভিডিওতে বক্তব্য দেওয়া অনেকে বলেছেন, মসুল শহর দখলের পর যেসব ইরাকি সেনাকে আটক করা হয়, তাঁদের অনেককেই পরে জঙ্গিরা হত্যা করে।