গোপন রাজনীতি থেকে ক্ষমতার শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে পি শর্মা
কে পি শর্মা

ভারতের পশ্চিমবঙ্গের কমিউনিস্ট নেতা চারু মজুমদারের সশস্ত্র নকশাল আন্দোলনে উদ্দীপ্ত হয়ে যোগ দিয়েছিলেন ওই দলে। নেপালের রাজতন্ত্রের প্রতিভূ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে জোরদার আন্দোলনও গড়ে তুলেছিলেন। সশস্ত্র আন্দোলন করতে গিয়ে ১৪ বছর কারা প্রকোষ্ঠে কাটাতে হয়েছে তাঁকে। গোপন রাজনীতি করার দায়ে দণ্ডপ্রাপ্ত সেই কে পি শর্মা অলি নেপালের ৩৮তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন গত রোববার।
নিজে সশস্ত্র আন্দোলনের রাজনীতি শুরু করলেও দেশে কিন্তু অলি সব সময় মাওবাদীদের বিরুদ্ধেই ছিলেন। নেপালে ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত চলা মাওবাদী সশস্ত্র তৎপরতার তীব্র সমালোচক ছিলেন তিনি। মাত্র এক বছর আগে নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টি ইউসিপিএন (মাওবাদী) অলিকে ‘মানসিকভাবে অসুস্থ ব্যক্তি’ বলে সমালোচনা করে। অথচ সেই দলের সমর্থনেই নেপালি কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান অলি প্রধানমন্ত্রী হলেন। অলি এবং ইউসিপিএন (মাওবাদী) চেয়ারম্যান পুষ্প কমল দাহাল একটি আপ্তবাক্য আবারও প্রমাণ করলেন, রাজনীতিতে স্থায়ী শত্রু ও মিত্র বলে কিছু নেই।
নেপালের তেরহাথুমে একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে অলির জন্ম। বেড়ে উঠেছেন ঝাপা জেলায়। এলাকাটি ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তসংলগ্ন। গত শতকের ষাটের দশকে পশ্চিমবঙ্গ উত্তাল ছিল নকশাল আন্দোলনে। সেই আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে ঝাপায়। অলি, রাধাকৃষ্ণ মাইনালি ও সিপি মাইনালির নেতৃত্বে ওই অঞ্চলে নকশাল আন্দোলনের আদলে শ্রেণিশত্রু নিধন শুরু হয়। সেখানে সশস্ত্র আন্দোলন চলাকালে হত্যা করা হয় কয়েকজন ভূস্বামীকে। নেপালের কমিউনিস্ট পার্টির ইতিহাসে সেটি ঝাপা আন্দোলন নামে খ্যাত। ভূস্বামীদের হত্যার প্রতিশোধ হিসেবে পাঁচ কমিউনিস্টকে হত্যা করে পুলিশ। রাষ্ট্র-নিয়ন্ত্রিত হত্যা থেকে বেঁচে যান অলি। তবে ‘রাষ্ট্রবিরোধী’ কাজে জড়িত থাকার অভিযোগে ১৯৭৩ সালে কারাদণ্ড হয় তাঁর। ১৪ বছর কারাগারে কাটিয়ে মুক্তি পান ১৯৮৭ সালে।
১৯৯০ সালে নেপালে বহুদলীয় গণতন্ত্র শুরু হলে অলি জাতীয় রাজনীতিতে সক্রিয় হন। নেপালের প্রথম সাংবিধানিক গণপরিষদের নির্বাচনে অলি খুব কম পরিচিত মাওবাদী নেতার কাছে নিজের জেলাতেই পরাজিত হন। অনেকেই ভেবেছিলেন অলির রাজনৈতিক জীবন শেষ হয়ে গেল। তবে দ্রুতই নিজের অবস্থান সংহত করেন তিনি। দলের চেয়ারম্যান এবং পার্লামেন্টারি দলের প্রধানও হন। শেষতক নেপালের প্রধান রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের প্রধান সুশীল কৈরালাকে হারিয়ে প্রধানমন্ত্রী হলেন।
নেপালের এক অস্থির সময়ে অলি প্রধানমন্ত্রী হলেন। নতুন সংবিধানে সাত প্রদেশ সৃষ্টির বিরুদ্ধে তীব্র আন্দোলন করছে দক্ষিণের মদেশীয়রা। একসময় বিপ্লবী রাজনীতির মাধ্যমে জীবন শুরু হলেও অলি নিজেকে একজন সংস্কারপন্থী এবং সমঝোতায় বিশ্বাসী রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানের কঠিন পরিস্থিতি তিনি কীভাবে সামলান সেটিই এখন দেখার বিষয়। সূত্র: নেপািল টাইমস।