গৌতায় বিমান হামলায় নিহত ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌতার আরবিনে বিমান হামলা। এএফপির ফাইল ছবি
গৌতার আরবিনে বিমান হামলা। এএফপির ফাইল ছবি

সিরিয়ার রাজধানী দামেস্কের পাশে গৌতার পূর্বাঞ্চলে বিমান হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার বিষয়ে আলোচনার কয়েক ঘণ্টা পরেই হামলার এ ঘটনা ঘটে।

শুক্রবার সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়, পর্যবেক্ষণ সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রাহমান বলেন, বৃহস্পতিবার গভীর রাতে রাশিয়ার বিমান হামলায় গৌতার আরবিন এলাকায় ৩৭ বেসামরিক লোক নিহত হয়েছেন। সংস্থাটি আরও বলছে, হামলা চালিয়ে সিরিয়ার সরকারি সৈন্যরা আরবিনের দক্ষিণে হেজেতের দিকে অগ্রসর হচ্ছে।

বিদ্রোহী গ্রুপ ফালাক আল-রাহমানের মুখপাত্র ওয়াইল ওলওয়ান দাবি করেছেন, বিক্ষুব্ধ সরকারের একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল ওই এলাকা। তাদের লক্ষ্যবস্তু করেই হামলাটি চালানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা আশা করি, গৌতার পূর্বাঞ্চলের উদ্ভূত সংকট আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ১ হাজার ৮৯৫ বিদ্রোহী এবং তাঁদের পরিবার হারাসতা শহর ছেড়ে চলে গেছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, ২০১২ সাল থেকে গৌতার পূর্বাঞ্চল বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে; যা নিয়ে সিরীয় সরকারের সঙ্গে কয়েক বছর ধরেই বিদ্রোহীদের দ্বন্দ্ব লেগেই আছে। অঞ্চলটি বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নেওয়ার পর সরকার সেখানে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু গৌতার পূর্বাঞ্চল সরকার এখনো পুনর্দখল নিতে পারেনি। তবে অনেকটাই এখন তাদের নিয়ন্ত্রণে।