গ্যাস ও ছাইয়ের কারণে উদ্ধার অভিযান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের মাউন্ট ওনতাকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর পর্বতটির চূড়ায় গতকাল সোমবার অভিযান চালিয়ে আরও পাঁচজনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৩৬ জনের নিথর দেহ উদ্ধার করা হলো। আশঙ্কা করা হচ্ছে, তাঁদের সবাই মারা গেছেন।
তবে আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে গ্যাস, পাথর ও ছাই নির্গত হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। গতকাল সকালে উদ্ধারকাজ শুরুর পর বিকেলে তা স্থগিত করা হয়। খবর এএফপি ও বিবিসির।
গত শনিবার আকস্মিকভাবে অগ্ন্যুৎপাত শুরু হয়। এ সময় অনেক পর্যটক আটকে পড়েন পর্বতটির চূড়ায়। গতকাল সকালে অগ্নিনির্বাপক বাহিনী, পুলিশ ও সেনাবাহিনীর এক হাজার ১০০ জনের বেশি সদস্য উদ্ধারকাজে যোগ দেন। বিষাক্ত গ্যাস নির্গত হওয়ায় উদ্ধারকাজ মাঝে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে আবার হেলিকপ্টার নিয়ে চলে তল্লাশির কাজ। উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা জানান, তল্লাশি চলাকালে তাঁদের শ্বাস নিতে বেগ পেতে হয়।