গ্যাস হামলার খবর শতভাগ বানোয়াট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত বুধবার বলেছেন, তাঁর বাহিনী রাসায়নিক হামলা চালিয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট। এ ঘটনা তদন্তের জন্য তিনি বিদেশিদের অনুমতি দিতে পারেন। তবে তা অবশ্যই নিরপেক্ষ তদন্ত দল হতে হবে।
রাজধানী দামেস্কে এএফপির সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার বলেন, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার সামরিক শক্তির তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ‘সন্ত্রাসীদের’ ওপর হামলা চালানোর যে সামর্থ্য সিরিয়ার ছিল, তা অটুট রয়েছে। উল্লেখ্য, বিদ্রোহীদের সাধারণত সন্ত্রাসী বলে থাকে সিরিয়ার সরকার।
বাশার সরকারের গ্যাস হামলার খবর উড়িয়ে দিয়ে বলেন, ‘আমরা মনে করি পশ্চিমা দেশগুলো, বিশেষত যুক্তরাষ্ট্র, সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়েছে। তারা সিরিয়ায় হামলা করার অজুহাত হিসেবে এই রাসায়নিক হামলার গল্প ফেঁদেছে।’
প্রেসিডেন্ট বাশার আরও বলেন, তাঁর দেশের সংকট নিরসনে শান্তি আলোচনা নিষ্ফল হওয়ার কারণ যুক্তরাষ্ট্র এ লড়াইয়ের অবসানের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। তারা কোনো রাজনৈতিক সমাধানে পৌঁছানোর বিষয়ে তৎপর নয়। যুক্তরাষ্ট্র এই সংকটকে সন্ত্রাসীদের জন্য ছাতা হিসেবে ব্যবহার করতে চায়।
সিরিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, তাঁর সরকার ২০১৩ সালেই সব রাসায়নিক অস্ত্রের ব্যবহার বাদ দিয়েছে। তাই গত সপ্তাহের কথিত গ্যাস হামলার সঙ্গে দামেস্ক কোনোভাবেই জড়িত নয়।
মানবাধিকার ও পর্যবেক্ষণ সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী গত সপ্তাহে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরে রাসায়নিক হামলায় ৩১ শিশুসহ অন্তত ৮৭ জন নিহত হয়েছে।
মস্কোর ভেটো
‘গ্যাস হামলা’ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বুধবার পশ্চিমা দেশগুলোর তোলা নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। এতে ক্ষুব্ধ হয়েছে বিভিন্ন মহল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স মিলে নিন্দা প্রস্তাবটি উত্থাপন করেছিল।